হিসাব ও আর্থিক প্রতিবেদন চাই বিশ্বমানের
দেশের হিসাব ও আর্থিক প্রতিবেদনের মানকে ক্রমান্বয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় করার তাগিদ দিয়েছেন হিসাববিদেরা।
হিসাববিদেরা আরও বলেছেন, এর মাধ্যমে দেশের ভেতরে হিসাবরক্ষণ, হিসাব নিরীক্ষণ ও আর্থিক প্রতিবেদনের মানের যে ঘাটতি, তা দূর করা সম্ভব হবে।
গতকাল বৃহস্পতিবার ‘সমন্বিত আর্থিক প্রতিবেদন—সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন। কারওয়ান বাজারের সিএ ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা আরও বলেন, সাম্প্রতিক আর্থিক অনিয়ম দেশের হিসাব ও নিরীক্ষণ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহির ব্যাপারে জনগণ আরও বেশি কিছু দেখতে চায়। এখন দরকার সমন্বিত আর্থিক প্রতিবেদন, যা প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানসমূহের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।
সেমিনারে আইসিএবির সাবেক সভাপতি আনোয়ার উদ্দিন চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে উপস্থিত ছিলেন আইসিএবির সভাপতি আবদুস সালাম, সাবেক সভাপতি এ বি এম আজিজুদ্দিন প্রমুখ।