বিকেএমইএ নির্বাচন: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ছায়া দেখছেন অনেকে
হিসাব-নিকাশে ব্যস্ত ভোটাররা
দেশের নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন ঘিরে ভোটাররা এখন হিসাব-নিকাশে ব্যস্ত। এ ক্ষেত্রে তাঁদের কাছে গুরুত্বপূর্ণ বিবেচনা হয়ে উঠেছে বর্তমান সভাপতি সেলিম ওসমানের দুই বছরের কর্মকাণ্ড। এবারের নির্বাচনে সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ এবং সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৫ সেপ্টেম্বর বিকেএমইএ নির্বাচন পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা ও নারায়ণগঞ্জের অফিসে ৬৫২ জন ভোটার ভোট দেবেন।বিকেএমইএর একাধিক সদস্য ও ভোটার প্রথম আলোকে জানিয়েছেন, গত দুই বছরে সেলিম ওসমানের নেতৃত্বে সংগঠনটির কর্মকাণ্ড হতাশাজনক পর্যায়ে পৌঁছেছে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংগঠনটিকে নারায়ণগঞ্জের আঞ্চলিক গণ্ডিতে আটকে দেওয়া হয়েছে। সাধারণ সদস্যদের কোণঠাসা করে রাখা হয়েছে। জানা গেছে, গত দুই বছরে বিকেএমইএর পক্ষ থেকে একবারও আন্তর্জাতিক নিট মেলা বা নিট এক্সপোর আয়োজন করা সম্ভব হয়নি। তবে জাপানের একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে সেটিকে নিট এক্সপো হিসেবে প্রচারণা চালানো হয়। অথচ তার আগের কমিটির সভাপতি ফজলুল হকের নেতৃত্বে ঢাকায় একাধিকবার নিট এক্সপোর আয়োজন করা হয়।বিগত নির্বাচনের আগে সেলিম ওসমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএর নিজস্ব জমিতে প্রধান কার্যালয় নির্মাণ করবেন। আগের কমিটি এই কার্যালয়ের নকশা চূড়ান্ত করে গেলেও গত দুই বছর আর কোনো অগ্রগতি হয়নি। ফতুল্লার পঞ্চবটীতে বিসিক শিল্পনগরে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। পূর্ববর্তী কমিটির গড়া বিকেএমইএর ট্রেনিং ইনস্টিটিউটকেও অকার্যকর করে রাখা হয়েছে। আবার গত দুই বছরে বিকেএমইএর পুরো পর্ষদ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বর্তমান সভাপতি। আগের কমিটি বার্ষিক শ্রমিক উৎসব আয়োজন করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছিল। সেলিম ওসমান সভাপতি হওয়ার পর সেই শ্রমিক উৎসব তিনি বন্ধ করে দেন।গত দুই বছরে বিভিন্ন সময়ে রপ্তানিকারকদের অনেক গোপন ব্যবসায়িক তথ্য বিকেএমইএ কার্যালয় থেকে বাইরে পাচার হওয়ার অভিযোগ রয়েছে। এসব তথ্য নিয়ে সেলিম ওসমানের দুই ভাইয়ের অনুগত লোকজন বিভিন্ন ব্যবসায়ীকে চাপ দিয়ে সুতা, ডাইস কেমিক্যাল ও এক্সেসরিজ সরবরাহের কাজ আদায় করেছেন। কয়েকটি বিমা কোম্পানির প্রতিনিধি নারায়ণগঞ্জে সেলিম ওসমানের কাছের লোক হিসেবে পরিচিত। তাঁরাও বিকেএমইএতে কোন কারখানায় কত ডলারের এলসি খুললেন, সেই তথ্য নিয়ে ব্যবসায়ীদের চাপ দেন বিমার কাজটি তাঁদের দেওয়ার জন্য।এসব অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সেলিম ওসমান সব ধরনের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বিকেএমইএ শিল্পমালিকদের আস্থা হারিয়েছিল, গত দুই বছরে সেই আস্থা আবার ফিরে এসেছে। ঢাকায় বিকেএমইএর নিজস্ব কার্যালয়ের জন্য ফ্লোর কেনা হয়েছে। নারায়ণগঞ্জ প্রধান কার্যালয়ের জন্য জমি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।’ নিট শ্রমিকদের ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগের পাশাপাশি এশিয়ায় নতুন বাজার সৃষ্টির চেষ্টা চলছে বলেও তিনি জানান। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা আরও অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনে জয়ী হতে বিভিন্ন ধরনের অপকৌশল করা হচ্ছে, ভয়ভীতিও প্রদর্শন করা হচ্ছে। তার পরও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে যাবতীয় অপকৌশলই ব্যর্থ হবে বলে মনে করেন তাঁরা। বিকেএমইএকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্বের পরিবর্তন দরকার বলেও অভিমত ব্যক্ত করেন তাঁরা। সিটি করপোরেশনের ছায়া: অনেকেই আবার বিকেএমইএর নির্বাচনে গত বছর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের ছায়া দেখছেন। এটা শুধু আর ব্যবসায়ীদের মধ্যে সীমিত নেই। স্থানীয় রাজনীতিবিদ থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কমবেশি বিকেএমইএর নির্বাচন পর্যবেক্ষণ করছেন।শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সেলিম ওসমানের গত দুই বছরের কর্মকাণ্ডে বিকেএমইএর ভোটাররা হতাশ ও ক্ষুব্ধ। সেলিম ওসমান নির্বাচনের আগে নানাভাবে অনেক প্রার্থী ও ভোটারের ওপর চাপ দিচ্ছেন বলে অভিযোগ শোনা যাচ্ছে। তবে সিটি করপোরেশন নির্বাচনে আমরা দেখেছি, চারদিকে শামীম ওসমান আর শামীম ওসমান। কিন্তু নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সেলিনা হায়াৎ আইভীকে নির্বাচিত করেছেন ভোটাররা।’আনোয়ার হোসেন আরও বলেন, জনগণ এখন আর কোনো বিতর্কিত লোককে কোনো সংগঠনের নেতৃত্বে দেখতে চায় না। সিটি করপোরেশনের নির্বাচনের পর গত জুন মাসে অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ওসমান পরিবারের অনুগতদের ভরাডুবি ঘটেছে। আর নিটশিল্প গড়ে উঠেছিল নারায়ণগঞ্জ থেকে। তবে বিকেএমইএ নির্বাচনে নারায়ণগঞ্জের ভোটারই বেশি।’ উল্লেখ্য, শামীম ওসমান সেলিম ওসমানের ছোট ভাই। তাঁদের আরেক ভাই নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ। ব্যবসায়ীসহ বিভিন্ন জন বলেছেন, এই পরিবারের লোকজন ব্যবসায়ীদের নানাভাবে প্রভাবিত করে থাকেন এবং তাঁদের ভয়ে অনেক ব্যবসায়ী মুখ খুলতে সাহস পান না।