হিসাব নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির মধ্যে আনার তাগিদ
নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির মধ্যে আনতে আর্থিক প্রতিবেদন পরিষদ বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন জরুরি। এটি হলে বিভিন্ন কোম্পানির আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা আসবে। তবে এ জন্য নিরীক্ষকদের সমর্থন প্রয়োজন। ‘পুঁজিবাজার ও হিসাব নিরীক্ষক’—শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম গতকাল সোমবার এসব কথা বলেন। তিনি বলেন, সুশাসন, দক্ষতা ও স্বচ্ছতা অর্জনে সনদপ্রাপ্ত হিসাব নিরীক্ষকদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তাঁরা নৈতিকতা ও পেশাদারির মাধ্যমে পুঁজিবাজারে দক্ষতার ভিত্তি স্থাপন করতে পারেন। কেননা, পুঁজিবাজারে পরিচালনা ও মূল্য-সংক্রান্ত দক্ষতা নিশ্চিত করতে তাঁদের ভূমিকা রয়েছে। হিসাববিদ ও নিরীক্ষকদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সেমিনারের আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি পারভীন মাহমুদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির সদস্য ফেরদৌস আহমেদ। সংগঠনটির সাবেক সভাপতি এ কে চৌধুরী সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। মূল প্রবন্ধে পুঁজিবাজার ও হিসাব নিরীক্ষকদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। মির্জ্জা আজিজ বলেন, দেশের পুঁজিবাজারের অনেক সম্প্রসারণ হয়েছে। প্রচুর নতুন বিনিয়োগকারী বাজারে এসেছে। বিনিয়োগের আগে তাদের বুঝতে হবে, যে শেয়ার বা বন্ডে সে বিনিয়োগ করছে তার বিপরীতে আয় কত হচ্ছে, এতে কতটুকু ঝুঁকি রয়েছে। আর এগুলো বুঝতে গেলে তাকে পর্যাপ্ত তথ্য পেতে হবে এবং সেগুলো হতে হবে বস্তুনিষ্ঠ। এ ক্ষেত্রেই হিসাব নিরীক্ষকদের ভূমিকা খুবই গুরত্বপূর্ণ। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থাতেও হিসাব নিরীক্ষকেরা নানা নীতি প্রণয়ন ও পরামর্শ দিয়ে ভূমিকা পালন করতে পারে।পারভীন মাহমুদ বলেন, হিসাব নিরীক্ষকদের ভূমিকা কেবল নিরীক্ষক হিসেবে নয়, কোম্পানির উপদেষ্টা হিসেবেও থাকে। তাঁর মতে, পুঁজিবাজারের দক্ষতা নিশ্চিত করতে হলে হিসাব নিরীক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে বাজার সম্পর্কে স্বচ্ছ ধারণা ও প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। স্টক এক্সচেঞ্জ, নিয়ন্ত্রক সংস্থা, মার্চেন্ট ব্যাংক, নীতিনির্ধারক, নিরীক্ষক, সাংবাদিকদের সম্মিলিত দক্ষতা পুঁজিবাজারের উন্নয়ন নিশ্চিত করতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন।