অতিরিক্ত দায়িত্ব পেলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব
হিসাব মহানিয়ন্ত্রকের পদে স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি
হিসাব মহানিয়ন্ত্রক পদে সাড়ে সাত মাস ধরে কাউকে স্থায়ী নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ সরকারের আয়-ব্যয়ের তথ্য পাওয়া যায় এই হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে। বরং কার্যালয়ের প্রধান পদবিধারী ব্যক্তি হিসেবে গত মাসে নিয়োগ দেওয়া হয়েছে অর্থ বিভাগের একজন অতিরিক্ত সচিবকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে।গত ২৯ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে এক অফিস আদেশে বলা হয়েছে, ‘হিসাব মহানিয়ন্ত্রকের শূন্যপদে কর্মকর্তা পদায়ন না হওয়া পর্যন্ত অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মইনুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে হিসাব মহানিয়ন্ত্রকের দায়িত্ব প্রদান করা হলো।’ বিদায়ী হিসাব মহানিয়ন্ত্রক সাহাদ চৌধুরীর চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ১৫ জানুয়ারি। জানা গেছে, তিনি দ্বিতীয়বার দায়িত্ব পেতে আগ্রহী ছিলেন। কিন্তু কিছু বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকায় সরকার তাঁর মেয়াদ আর বাড়ায়নি। এর পর আট মাস হতে চললেও গুরুত্বপূর্ণ এ পদটিতে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সূত্র জানায়, এতে সংস্থাটির দাপ্তরিক কাজেই শুধু বিঘ্ন সৃষ্টি হচ্ছে না, চরম হতাশা বিরাজ করছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের সাংগঠনিক কাঠামো অনুযায়ী হিসাব মহানিয়ন্ত্রকের পদটি নিজস্ব পদ এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার। এ পদে নিয়োগ পাওয়ার মতো অন্তত চারজন মহাপরিচালক এই কার্যালয়েই রয়েছেন। অথচ তাঁদের থেকে কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে না। আগে মহাহিসাব নিরীক্ষক ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় একসঙ্গে ছিল। ২০০২ সালে তা আলাদা হয়। সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা জানান, হিসাব মহানিয়ন্ত্রক পদে বাইরে থেকে সাহাদ চৌধুরীকে নিয়োগ দিয়ে প্রথমবারের মতো একটি বাজে উদাহরণ তৈরি করা হয়েছে। সেই চেষ্টা করা হচ্ছে আবারও। ফলে এই কার্যালয়ের কর্মকর্তাদের মনোবল কমে গেছে। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সাহাদ চৌধুরীকে দ্বিতীয় দফায় নিয়োগ দেওয়া নিয়েই জটিলতার শুরু। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার চাওয়া ছিল সাহাদ চৌধুরীর চুক্তির মেয়াদ দ্বিতীয় দফা বৃদ্ধি। এটি যেহেতু হয়নি, তাই নতুন করে কাউকে নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছে না। জানা গেছে, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে কর্মকর্তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে তাঁর হস্তক্ষেপ কামনা করেছেন। অর্থমন্ত্রী বিষয়টি দেখবেন বলে তাঁদের আশ্বাসও দিয়েছেন। নাম না প্রকাশের শর্তে একজন মহাপরিচালক প্রথম আলোকে বলেন, এমনিতেই সরকারি কর্মকর্তাদের বয়সসীমা দুই বছর বাড়ানো হয়েছে। ফলে নিচের দিকে যাঁরা আছেন তাঁদের পদোন্নতির সুযোগ কমে গেছে। তার ওপর অতিরিক্ত অর্থসচিবের মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে হিসাব মহানিয়ন্ত্রক পদে বসানো হয়েছে, যা সরকারের অব্যবস্থাপনার নজির ছাড়া কিছুই নয়। সূত্র জানায়, ২৯ জুলাই নিয়োগ পেলেও নিজের মূল দায়িত্বের ব্যস্ততার কারণে মইনুল ইসলাম হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে অফিস করতে গেছেন মাত্র এক দিন। সেটি ঈদের আগে শেষ কর্মদিবসে। তবে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে সেভাবে স্বাগত জানাননি। যোগাযোগ করলে অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, হিসাব মহানিয়ন্ত্রকের মতো একটি গুরুত্বপূর্ণ পদে কারও পক্ষে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করার সুযোগ খুবই কম। তিনি আরও বলেন, ‘সরকারের আয়-ব্যয়ের চিত্র পাওয়া যায় যে হিসাব মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয় থেকে, সেটিকে এত অবহেলার চোখে দেখা উচিত নয়।’