হিসাব মেলাতে অবাস্তব তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সিপিডির সংবাদ সম্মেলনে গতকাল বক্তব্য দেন সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও অপর বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান l প্রথম আলো
সিপিডির সংবাদ সম্মেলনে গতকাল বক্তব্য দেন সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও অপর বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান l প্রথম আলো

নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ওপর করের চাপ বাড়বে

আবার বাজেট দলিলের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন এবং অবাস্তব তথ্য উপস্থাপন করে বাজেটের অঙ্কের হিসাব মেলানো হয়েছে বলে মনে করছে সিপিডি। সংস্থাটি বলছে, ঘাটতি অর্থায়নে বৈদেশিক সহায়তা প্রাপ্তির যে হিসাব দেওয়া হয়েছে, তা অঙ্কের হিসাব জানা শিশুও বিশ্বাস করবে না।

আগামী ২০১৭-১৮ অর্থবছরের ঘোষিত বাজেটের ওপর নিজেদের পর্যালোচনা তুলে ধরতে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বাজেট পর্যালোচনা তুলে ধরেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ঘাটতি অর্থায়নের ক্ষেত্রে বৈদেশিক সাহায্য ব্যবহারের পরিমাণ যেভাবে ধরা হয়েছে, সেটি খুবই চমৎকৃতভাবে করা হয়েছে। এটি ব্যবহারের পরিমাণ যেভাবে নির্দিষ্ট করা হয়েছে, সেটি বিশ্লেষণ করলে দেখা যাবে, অর্থায়নের ভারসাম্য ও হিসাব মেলানোর জন্য তা করা হয়েছে। অর্থায়নের সব উৎস দেখার পরে ব্যয়ের হিসাব যখন মিলছে না, তখন পুরোটাই বৈদেশিক সাহায্য থেকে আসবে ধরে নিয়ে যোগ করা হয়েছে। যে অর্থ পাওয়ার লক্ষ্যে ঠিক করা হয়েছে, সেটি চার বছরেও বাংলাদেশ করতে পারেনি। ২০১৫-১৬ অর্থবছরে সর্বোচ্চ ২৭০ কোটি ডলার বিদেশি সাহায্য এসেছিল, প্রস্তাবিত বাজেটে এক লাফে সেটাকে ৭৬০ কোটি ডলারে উন্নীত করার প্রাক্কলন করা হয়েছে। তাহলে এই প্রাক্কলন কতটা বিশ্বাসযোগ্য?

সিপিডি মনে করে, বাজেট বাস্তবায়নে তিন বিষয়ের সমন্বয় ঘটানো খুব দরকার। সেগুলো হচ্ছে রাজনৈতিক দূরদৃষ্টি, অর্থনৈতিক নেতৃত্ব ও সামাজিক সমর্থন। এ তিনটিকে একত্র করতে না পারলে বাজেট বাস্তবায়ন কঠিন।

সিপিডি আরও বলছে, সার্বিকভাবে এবারের বাজেটে যে করকাঠামো প্রস্তাব করা হয়েছে, তাতে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ওপর করের চাপ বাড়বে। সহজে আদায় করা যায় এমন কর আদায়ের প্রতিই বে
শি জোর দেওয়া হয়েছে। ফলে সাধারণ, নিয়মিত ও সৎ করদাতাদের ওপর করের বোঝা আরও বাড়ানো হয়েছে। অথচ সিপিডির পক্ষ থেকে করের আওতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

সিপিডির পর্যালোচনা তুলে ধরতে গিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘একটা বাজেট সফলভাবে বাস্তবায়ন করতে হলে তার জন্য একটা অনুকূল প্রাতিষ্ঠানিক নীতি পরিবেশ লাগে। গত ১৭-১৮ বছরে এই রকম যত নীতিগত অবস্থান বা পদক্ষেপের কথা বলা হয়েছে, সেগুলোর বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সামগ্রিক বাজেট বাস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাজেটে দেখা যায়নি। ছড়িয়ে-ছিটিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য আছে কিন্তু একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। রাজস্ব ব্যয় যে দেড় গুণ বাড়বে, ৪০ শতাংশ রাজস্ব আয় বাড়িয়ে দেবেন, এগুলো করতে হলে একটা কর্মপরিকল্পনা ও ভিত্তি লাগবে। সেটা আমরা দেখতে পাচ্ছি না। দেশীয় ও সরকারি বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে কিন্তু বিস্তারিত পরিকল্পনার কথা বলা হয়নি।’

দেবপ্রিয় আরও বলেন, শুধু প্রশাসনিক ব্যবস্থাপনা দিয়ে বাংলাদেশে একটি বাজেট দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করা কঠিন। সফলভাবে বাজেট বাস্তবায়ন করার একটি রাজনৈতিক অর্থনীতি আছে। যার বড় দিক হলো জনপ্রতিনিধিদের যুক্ত করা। বাজেট বাস্তবায়নে সাংসদ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা সে রকম কোনো ভূমিকা রাখেন না। বাজেটের আগে যেটুকু আলোচনা এ ক্ষেত্রে হয়, সেগুলো সংসদীয় স্থায়ী কমিটিকেন্দ্রিক। কিন্তু সেখানে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও শেষ হলে জনগণ সুফল পেল কি না, সেটি নিয়ে আলোচনা হয় না। বাংলাদেশে এ মুহূর্তে রাজনৈতিক অর্থনীতির সংস্কার দরকার।

এ সময় দেবপ্রিয় বলেন, ভ্যাট নিয়ে এত আলোচনা হলো বাইরে, কিন্তু সংসদে কেউ এ নিয়ে কোনো আলোচনারই উদ্যোগ নিলেন না।

ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে অর্থমন্ত্রী বিন্দুমাত্র মনোযোগ দিয়ে একটা কথাও বললেন না। পুঁজিবাজারে উত্থানের জন্য কোনো কথা তিনি বলেননি, এগুলো সবই রাজনৈতিক অর্থনীতি। এসব কথা বললে খুবই প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থ ক্ষুণ্ন হয়।

সিপিডির পক্ষ থেকে বলা হয়েছে, ঘোষিত বাজেটের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা, তার সঙ্গে একমত সংস্থাটি। কিন্তু এসব আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো কাঠামো নেই।

প্রশ্নোত্তর পর্বে ভ্যাট–বিষয়ক এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, ভ্যাট আইনটি যেভাবে বাস্তবায়নের কথা ছিল, শেষ পর্যন্ত সেভাবে হয়নি। কারণ, বিভিন্ন ধরনের চাপ ছিল। ফলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য অনেক বড় ধরনের ছাড় দিতে হয়েছে।

বাজেট বাস্তবায়নের হার ক্রমান্বয়ে কমছে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, বড় আকারের বাজেট দিলাম, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারলাম না। এতে একধরনের আর্থিক ভ্রম তৈরি হয়। কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না। তাই বাজেট বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

সরকারি ব্যয়ের মান বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী দাম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বেসরকারি বিনিয়োগ বাড়াতে হলে মানসম্মত ও সাশ্রয়ী দামে সরকারি ব্যয় নিশ্চিত করতে হবে। তা না হলে ব্যক্তি খাতের কাঙ্ক্ষিত উদ্যম ও উদ্যোগ পাওয়া যাবে না।

ভ্যাটের কারণে বিদ্যুতের দাম বাড়বে কি না, এমন এক প্রশ্নের জবাবে সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, এ বিষয়ে বাজেটে অর্থমন্ত্রী সুস্পষ্টভাবে কিছু বলেননি। যেসব পণ্যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, সেসব পণ্যের দামের ক্ষেত্রে তার প্রতিফলন ঘটছে কি না, সেই তদারকি ব্যবস্থার যথেষ্ট দুর্বলতা রয়েছে।

আগামী অর্থবছরে ৭ দশমিক ৪ শতাংশ মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে সিপিডি বলছে, প্রবৃদ্ধি অর্জনের জন্য দরকার বিনিয়োগ। বাজেটে বিনিয়োগের যে আর্থিক কাঠামো তুলে ধরা হয়েছে, সেটিকে বাস্তবায়নযোগ্য মনে হচ্ছে না। তাই প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সংশয় রয়েছে।

প্রবৃদ্ধি প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি কত হবে, তা নির্ভর করবে চলতি ২০১৬-১৭ অর্থবছরে প্রবৃদ্ধি কত হচ্ছে তার ওপর। মধ্যমেয়াদি যে বাজেট কাঠামোর দলিল দেওয়া হয়েছে, তাতে সরকার এ বছর রপ্তানি প্রবৃদ্ধি ধরেছে ৭ শতাংশ এবং প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হিসাব করেছে (-) ৫ শতাংশ। অথচ ১০ মাসের যে প্রকৃত চিত্র, তাতে দেখা যাচ্ছে, রপ্তানি প্রবৃদ্ধিকে ৭ শতাংশে নিতে হলে আগামী দুই মাসে ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি ঘটাতে হবে। আর প্রবাসী আয়ে ঋণাত্মক ৫ শতাংশ প্রবৃদ্ধি ঘটাতে হলে আগামী দুই মাসে ৪৫ শতাংশ হারে প্রবৃদ্ধি দরকার হবে। এ ধরনের একটি প্রাক্কলনের ওপর ভিত্তি করে আগামী বছরের প্রবৃদ্ধির সঠিক প্রাক্কলন করা কঠিন।

প্রায় ঘণ্টাকাল ধরে চলা সিপিডির এ বাজেট পর্যালোচনা–সংক্রান্ত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষক তৌফিকুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানটি বেসরকারি একটি টেলিভিশনসহ সিপিডির ওয়েবসাইটেও সরাসরি সম্প্রচার করা হয়।