হিসাবনিরীক্ষকদের গুণগতমান বজায় রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে পেশাজীবী হিসাবনিরীক্ষকদের অবশ্যই গুণগতমান বজায় রাখতে হবে। গতকাল শনিবার দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘ব্যবসায় পেশাজীবী হিসাবনিরীক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারের আইসিএবি ভবনের মিলনায়তনে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এ দেশীয় পরিচালক দেভকুমার কান্দিয়া। সেমিনারে দেভকুমার কান্দিয়া বলেন, পেশাজীবী হিসাবনিরীক্ষকেরা ছোট, মাঝারি ও বড় প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য তাঁদের মান বজায় রাখতে হবে। আইসিএবির বর্তমান সভাপতি পারভিন মাহমুদ বলেন, মানসম্মত পেশাজীবী হিসাবনিরীক্ষক তৈরির জন্য এ বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান ও দক্ষতা দরকার। সেমিনারে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ রায়হান শামসি, ডানকান ব্রাদার্সের গ্রুপ ফিন্যান্স ডিরেক্টর শ্যামা রুখ আলম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, আইসিএবির সাবেক সভাপতি হুমায়ূন কবির প্রমুখ।