হিসাবমানকে বৈশ্বিক পর্যায়ে সাযুজ্যপূর্ণ করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের হিসাব ও আর্থিক প্রতিবেদনের মানকে ক্রমান্বয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিকমানের সঙ্গে সাযুজ্যপূর্ণ করার তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এর মাধ্যমে দেশের ভেতরে হিসাবরক্ষণ, হিসাবনিরীক্ষণ ও আর্থিক প্রতিবেদনের মানের যে ঘাটতি, তা দূর করা সম্ভব হবে।ঢাকার একটি হোটেলে গতকাল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনন্ট্যান্টস, বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আন্তর্জাতিক সম্মেলন, ২০১১-এর ‘আঞ্চলিক মান নির্ধারণ’ শীর্ষক বিভিন্ন কর্ম-অধিবেশনে এসব অভিমত প্রকাশ পায়। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এই সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে।সকালে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এতে তিনি বলেন, আর্থিক প্রতিবেদনগুলোর আঞ্চলিক ও আন্তর্জাতিকমানের ক্ষেত্রে সুসমতা আনা জরুরি। যদি হিসাবরক্ষণ, হিসাব নিরীক্ষণ ও আর্থিক প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিকমানে অসমতা দূর করা যায়, তাহলে তা বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে সহায়তা করবে।আতিউর রহমান আরও বলেন, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের হিসাবমান ও আর্থিক প্রতিবেদন ক্রমান্বয়ে সর্বোত্তম আন্তর্জাতিক চর্চার সঙ্গে সাযুজ্যপূর্ণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে। এই পর্বে সভাপতির ভাষণে আইসিএবির প্রেসিডেন্ট পারভীন মাহমুদ বলেন, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানসমূহে (ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বা আইএফআরএস) বিশ্বজুড়ে সুসমতা আনার জন্য কাজ চলছে। এই পর্বে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডের (আইসিএবি) সদস্য প্রভাকর কালাভেনচার এবং প্রেসিডেন্ট এ এন র‌্যামান। এর আগে গত রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করেন। চার দিনব্যাপী এই সম্মেলনে ১৫০ জনের বেশি বিদেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। এই সম্মেলনের মাধ্যমে আইসিএবির সদস্যরা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের হিসাববিদদের কাজের ধরন ও প্রকৃতি সম্পর্কে জানতে পারছেন। গত দুই দিনের বিভিন্ন কারিগরি অধিবেশনে হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদনের গুণগতমানের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের হিসাবরক্ষণ ও হিসাব নিরীক্ষণের মান আরও উন্নত করতে হবে।এতে আরও বলা হয়, বিশ্বজুড়ে আর্থিক বাজারে যে নতুন ও জটিল পণ্যসম্ভার যুক্ত হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদনের মানকেও উন্নততর ও সমন্বয় করা হচ্ছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশকেও সেদিকে যেতে হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক হিসাব বিবরণী ও আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতার ওপর জোর দিয়ে হিসাব মানকে কঠোরভাবে অনুসরণেরও তাগিদ দেওয়া হয়েছে।