হুয়াওয়ের নতুন ফোন আসছে

বাংলাদেশের বাজারে আসছে হুয়াওয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি সেভেন প্লাস। রাজধানীর একটি হোটেলে গত রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে এ স্মার্টফোনটির উদ্বোধন করেন হুয়াওয়ে বাংলাদেশের ডিভাইস বিজনেস পরিচালক ইংমার ওয়াং।
বাংলাদেশের বাজারে হুয়াওয়ে জি সেভেন প্লাসের দাম পড়বে ৩৪ হাজার ৯৯০ টাকা। স্মার্টফোনটি ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কের হুয়াওয়ে শোরুমসহ দেশজুড়ে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ইমেজ শপে শিগগিরই কিনতে পাওয়া যাবে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ অন্যান্য শহরের শীর্ষস্থানীয় মোবাইল মার্কেটগুলোতেও স্মার্টফোনটি পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, ফোনটিতে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের ৬৪ বিট অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন, ৬১৬ সিরিজের চিপসেট ও কোয়ালকম আড্রেনো ৪০৫ জিপিইউ প্রসেসর। ৩ গিগাবাইট (জিবি) র্যাম, ৩২ জিবি অভ্যন্তরীণ মেমোরি যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি চতুর্থ প্রজন্মের লং টার্ম ইভল্যুশন (এলটিই) প্রযুক্তির। এইচডি ডিসপ্লেসহ ফোনটির পর্দার আকার সাড়ে ৫ ইঞ্চি। ফোনটির মূল ক্যামেরার ক্ষমতা ১৩ মেগাপিক্সেল।
হুয়াওয়ের নতুন এ ফোনটির ব্যাটারি ক্ষমতা ৩ হাজার এমএএইচ। এটি দিয়ে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং, ১০ ঘণ্টা ফোন কল অথবা ৬ ঘণ্টা ওয়েব ব্রাউজিং করা যাবে। স্মার্টফোনটিতে একটি ডুয়েল অ্যানটেনা যুক্ত আছে, যা দুর্বল নেটওয়ার্কেও অন্যান্য ফোনের তুলনায় ৪০ শতাংশ বেশি সংযোগ ক্ষমতা নিশ্চিত করবে।