হেফাজতের কর্মীদের রোষানলে ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হেফাজতে ইসলামের কর্মীদের তাণ্ডবে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হলেও জনগণের আমানত খোয়া যায়নি। গত রোববার দুপুর থেকে গভীর রাত অবধি সংগঠনটির কর্মীরা রাজধানীর মতিঝিল ও তার আশপাশের এলাকায় যে তাণ্ডব চালিয়েছে তাতে এই ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

হেফাজতের তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গেছে জনতা ব্যাংক পল্টন শাখার গুরুত্বপূর্ণ নথিপত্র। বিচ্ছিন্ন হয়ে গেছে শাখাটির অনলাইন নেটওয়ার্ক ব্যবস্থা। তবে ওই শাখায় রক্ষিত টাকার ভল্ট অক্ষত ছিল। ভাঙচুর হয়েছে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়, বেসরকারি বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ, সাইনবোর্ড, অবকাঠামো।  

রোববার দুপুরের পর থেকে সোমবার ভোর পর্যন্ত হেফাজতের তাণ্ডবে গতকাল সোমবার যেন চিরচেনা মতিঝিলের রূপ বদলে যায়। ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। একদিকে ছিল ধ্বংসযজ্ঞ, অন্যদিকে মতিঝিল এলাকায় মানুষজনের সীমিত উপস্থিতি। যান চলাচল ছিল খুবই কম। তবে উচ্ছৃঙ্খল হেফাজত কর্মীদের মতিঝিল থেকে সরিয়ে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সবাই।

হেফাজতের সমাবেশ ও তাণ্ডবকে ঘিরে রোববার থেকেই বাধাগ্রস্ত হয় সোনালী ব্যাংকের কার্যক্রম। ভবনটির নিচতলায় ছিল ব্যাংকটির স্থানীয় কার্যালয়ও। হেফাজত কর্মীদের তাণ্ডবে ব্যাংকটির অবকাঠামোগত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গভীর রাতে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান শুরু হলে হেফাজত কর্মীরা সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ভবনের বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

সোমবার দুপুরে সোনালী ব্যাংকে গিয়ে দেখা যায়, তাণ্ডবে ব্যবহূত হেফাজত কর্মীদের বহন করা রড, লাঠিসোঁটা সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আলামত হিসেবে জড়ো করে রেখেছে। সকাল থেকে এই ব্যাংকটির স্থানীয় কার্যালয়ে গ্রাহক উপস্থিতি ছিল খুবই কম। কর্মকর্তাদের মুখে মুখে ছিল হেফাজতের তাণ্ডবের বিষয়টি। সকাল থেকে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।  

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমাদের ব্যাংকের কয়েকটি শাখায় অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো টাকা-পয়সা খোয়া যায়নি। ভল্টগুলো সুরক্ষিতই ছিল।’

জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া হিসাবে আমাদের ব্যাংকের আনুমানিক পাঁচ কোটি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হিসাব চূড়ান্ত করতে কাজ চলছে।’

 এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মতিঝিল শাখা ও শাখার সঙ্গে স্থাপিত পাঁচটি এটিএম মেশিন, ইস্টার্ণ ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা, প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখা ও শাখার সঙ্গে স্থাপিত এটিএম বুথ, উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়, শাহজালাল ইসলামী ব্যাংকের মতিঝিল বৈদেশিক বাণিজ্য শাখা, ইসলামী ব্যাংকের স্থানীয় কার্যালয়, প্রাইম ব্যাংকের মতিঝিল শাখা, ব্যাংক এশিয়ার ইসলামী ব্যাংকিং প্রিন্সিপাল অফিস শাখা ও দিলকুশা শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের মতিঝিল শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখা, সিটি ব্যাংকের মতিঝিল শাখা, মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল শাখা, স্ট্যান্ডার্ড ব্যাংকের মতিঝিল বৈদেশিক বাণিজ্য শাখা, আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখাসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে।