সড়কপথে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসতে প্রতিদিনই ভয়াবহ যানজটে পড়তে হয় মানুষজনকে। ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয় মাত্র ২০ কিলোমিটারের কম দূরত্বে।যানজটের এই ভোগান্তি এড়াতে শেষ পর্যন্ত হেলিকপ্টার ভাড়া করে বিদেশি ক্রেতাকে কারখানা পরিদর্শন করিয়েছে ফতুল্লার পঞ্চবটিতে বিসিক শিল্পনগরে অবস্থিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিটপোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফকির অ্যাপারেলস লিমিটেড।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ফকির অ্যাপারেলসের নবম তলা ভবনের ছাদে হেলিপ্যাডে অবতরণ করে বেসরকারি সাউথ এশিয়ান এয়ারলাইনের হেলিকপ্টারটি।ফকির অ্যাপারেলসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন ও নিরাপত্তা) মেহেদী মোহাম্মদ বখতিয়ার খান প্রথম আলোকে জানান, ‘খ্যাতনামা জার্মান প্রতিষ্ঠান এসপ্রিটের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা জার্মি টোলার ও টায়না টোডা সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউথ এশিয়ান এয়ারলাইনসের হেলিকপ্টারে চড়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির অ্যাপারেলসের ছাদে স্থাপিত নিজস্ব হেলিপ্যাডে নামেন।’এর পর তাঁরা কারখানা পরিদর্শন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে দুপুরে ঢাকায় ফিরে যান। জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনুমতি নিয়ে ফকির অ্যাপারেলস তাদের বিদেশি ক্রেতাকে কারখানা পরিদর্শন করানোর জন্য হেলিকপ্টারটি ভাড়া করে। উল্লেখ্য, গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ চলায় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়েছে দাঁড়িয়েছে।পোশাকশিল্পের বিদেশি ক্রেতারা সাধারণত অবস্থান করেন ঢাকার বিমানবন্দরের কাছাকাছি এলাকা গুলশান, বনানী ও বারিধারার বিভিন্ন হোটেল ও রেস্টহাউসে। ওই সব এলাকা থেকে সড়কপথে নিজস্ব যানবাহনে নারায়ণগঞ্জে আসতে তিন থেকে চার ঘণ্টা লেগে যায় যানজটের কারণে। তাই অনেক বিদেশি ক্রেতা নিটশিল্পের জন্য খ্যাত নারায়ণগঞ্জের কারখানাগুলো পরিদর্শনে যেতে আগ্রহী হন না বলে অনেক শিল্পমালিক জানিয়েছেন।