হোটেল-রেস্তোরাঁয় তাহলে পরিচারকদের দিন শেষ?

দুনিয়াজুড়েই সব হোটেল-রেস্তোরাঁয় খাবারের অর্ডার বা ফরমায়েশ নিয়ে তা পরিবেশনের জন্য ওয়েটার বা পরিচারক থাকেন। কিন্তু তাঁদের দিন বুঝি ফুরিয়ে এল! কারণ খাবারের ফরমায়েশ নেওয়ার এই কাজটি করে দিতে ইতিমধ্যে ট্যাবলেটের ব্যবহার শুরু হয়ে গেছে।
আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো, ভোক্তাদের ফরমায়েশ নেওয়ার কাজটি পরিচারকদের চেয়ে ট্যাবলেটই দ্রুত ও দক্ষতার সঙ্গে করে দিতে পারে। কারণ পরিচারকেরা যেখানে বিভিন্ন খাবার ও পানীয়র পরিবেশনের ফরমায়েশ আলাদাভাবে নিয়ে থাকেন, সেখানে টেবিলের ওপরে রাখা ট্যাবলেটের সাহায্যে ভোক্তা একসঙ্গেই সব জানিয়ে দিতে পারেন। বিল পরিশোধের জন্যও পরিচারকের প্রয়োজন নেই। অর্থাৎ ট্যাবলেটের মাধ্যমেই সমন্বিত প্যাকেজ সেবা পাওয়া সম্ভব।
প্রযুক্তিনির্ভর এই সেবা প্রচলনের অন্যতম পথিকৃৎ যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যভিত্তিক চেইন রেস্তোরাঁ প্যানেরা ব্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রোনাল্ড এম শাইখ। চার বছর আগে একদিন গাড়ি চালিয়ে ছোট্ট ছেলেমেয়েদের স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময়ই বিষয়টি তাঁর মাথায় ঢোকে।
শাইখ প্রতিদিনই বাচ্চাদের খাবারের জন্য নিকটস্থ কোনো প্যানেরা ব্রেড রেস্তোরাঁয় বলে রাখতেন এবং স্কুলে যাওয়ার পথে তা তুলে নিতেন। কিন্তু হঠাৎ একদিন তাঁর মনে প্রশ্ন জাগল, রেস্তোরাঁর সিইও যদি এভাবে খাবার পান, তাহলে এর ৮০ লাখ ভোক্তা (যুক্তরাষ্ট্র ও কানাডায় প্যানেরার মোট ভোক্তা) কেন পাবেন না?
শাইখের মনে সেবার প্রক্রিয়া নিয়ে খটকা লাগল। সেটা তাঁর মুখেই শুনুন, ‘ভোক্তাকে প্রথমেই একটি লাইনে দাঁড়িয়ে নিবন্ধন করে আরেক লাইনে গিয়ে খাবার সংগ্রহ করতে হয়। সেই সঙ্গে যদি ড্রিঙ্কস নিতে চান, তাহলে যেতে হয় নতুন লাইনে। আর কফি খেতে চাইলে তাঁকে দাঁড়াতে হবে আরেক লাইনে। এভাবে আমরা ভোক্তাকে চারবার লাইনে দাঁড় করিয়ে থাকি।’
যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে বিস্তৃত চেইন রেস্তোরাঁ প্যানেরা ব্রেডের এই সিইও ভোক্তাদের একটি সমন্বিত সেবা দিতে চার কোটি ২০ লাখ মার্কিন ডলার ব্যয় করেছেন প্রযুক্তির পেছনে। তিনি বলেন, ‘ভোক্তাদের সময় বাঁচাতে ও ভালো সেবা দিতে পারলে তা আমাদের ব্যবসার জন্যই ভালো হবে।’
প্যানেরা ব্রেডের মতো অন্য রেস্তোরাঁগুলোও প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে। তারা রান্নাঘরকেও কম্পিউটারাইজড করছে৷ যুক্তরাষ্ট্রের আরেক চেইন রেস্তোরাঁ অ্যাপলবিস এখন একই ব্যবস্থা চালুর চেষ্টা করছে। এশিয়ায় ম্যাকডোনাল্ডসও একই ধরনের সেবা চালুর বিষয়টি পরীক্ষা করে দেখছে।
চিলিস গ্রিল অ্যান্ড বার যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের এক হাজার ২০০ রেস্তোরাঁকে কম্পিউটারাইজড করেছে। এ ক্ষেত্রে তাদের একেকটি ওভেনের পেছনেই খরচ হয়েছে এক লাখ ডলার করে।
ট্যাবলেট ব্যবহারের ফলে ভুলের মাত্রা কম হচ্ছে এবং মুনাফাও বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। যুক্তরাষ্ট্রে চেইন রেস্তোরাঁ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডোহার্টি এন্টারপ্রাইজেসের স্বত্বাধিকারী এড ডোহার্টি বলেন, ‘আমি মনে করি, ট্যাবলেটে বিনিয়োগের ফলে আমাদের অতিথির (ভোক্তা) সংখ্যা ও বিক্রির পরিমাণ দুটোই বাড়বে।’
সূত্র: নিউইয়র্ক টাইমস