হোটেল-রেস্তোরাঁ উচ্ছেদ স্থগিতের দাবি ব্যবসায়ীদের
রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার চলমান উচ্ছেদ অভিযান স্থগিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতৃত্বে বিভিন্ন চেম্বার সংগঠন, হোটেল ব্যবসায়ী সমিতি ও ভ্রমণ আয়োজনকারী সংগঠনের এক যৌথ ঘোষণায় গতকাল রোববার এ দাবি জানানো হয়। সংগঠনগুলোর পক্ষে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ গতকাল ফেডারেশন ভবনে এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানান।
গোলটেবিল আলোচনার বিষয়বস্তু ছিল ‘অভিজাত এলাকার সাম্প্রতিক উচ্ছেদ: সেবা খাত ও পর্যটনশিল্পে প্রভাব’। হোটেল গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ট্যুর অ্যাসোসিয়েশন অপারেটর অব বাংলাদেশ (টোয়াব) যৌথভাবে এ আলোচনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আলোচনায় মূল প্রবন্ধে হোটেলমালিকদের সংগঠনের উপদেষ্টা এম এইচ রহমান বলেন, রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার ৫০০-এর মতো ছোট-বড় আবাসিক হোটেলে প্রতি রাতে কমপক্ষে তিন হাজার বিদেশি অতিথি অবস্থান করেন। এসব হোটেলে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। বিনিয়োগের পরিমাণ চার থেকে পাঁচ হাজার কোটি টাকা। এসব স্থাপনা উচ্ছেদ করা হলে প্রতিষ্ঠানমালিকেরা ঋণখেলাপি হয়ে পড়বেন।
তবে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, গুলশান, বনানী ও বারিধারার উচ্ছেদ নতুন কিছু নয়। দেড় বছর আগে মন্ত্রিসভায় এ উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছিল। তখন উচ্ছেদ করা হলে এখন আতঙ্কিত বিষয় বলার সুযোগ ছিল না। সব আবাসিক এলাকা থেকে ধাপে ধাপে অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এসব করা হবে। বড় স্থাপনা সরিয়ে নিতে সরকার জায়গা দেবে। তেজগাঁওয়ে বাণিজ্যিক ভবন করে স্থানান্তর করা হবে।
মন্ত্রী আরও বলেন, ‘দেশে সন্ত্রাসী হামলা হয়েছে। দেশের বাইরেও এ রকম ঘটনা ঘটছে। কিন্তু ছোট দেশ হওয়ায় আমাদের ওপর বিভিন্ন অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন তথ্য দিয়ে বিপত্তি সৃষ্টি করা হচ্ছে। এসব কারণে ডিসেম্বর পর্যন্ত হোটেল-রেস্তোরাঁর অনেক বুকিং বাতিল হয়েছে। তারপরও পর্যটকের সংখ্যা আগের বছরের চেয়ে খুব বেশি কমেনি।’
অনুষ্ঠানে স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন বলেন, আবাসিক এলাকার হোটেল-রেস্তোরাঁ ভেঙে দেওয়ার সরকারি সিদ্ধান্তটি ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, অভিজাত এলাকায় যেসব হোটেল আছে তা না ভেঙে একবার সুযোগ দেওয়া উচিত। বেসরকারি খাত যেন বিনিয়োগ করতে ভয় না পায়, সেদিকে লক্ষ রাখতে হবে।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সাম্প্রতিক ঘটনার পরই হোটেলমালিকেরা ঋণ পুনঃ তফসিল করতে আসছেন। এসব সুবিধা দিয়ে ঋণ কত দিন টিকিয়ে রাখা সম্ভব। যখন এসব নির্মাণ হয়, তখন রাজউক কোথায় ছিল?
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ বলেন, এসব হোটেল ভেঙে ফেললে পর্যটকেরা কোথায় থাকবেন? পর্যটকদের ৯৮ শতাংশ ব্যবসায়ী। এসব বন্ধ হয়ে গেলে পুরো ব্যবসায় প্রভাব পড়বে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার সাম্প্রতিক সমস্যা সমাধানে ব্যবসায়ীদের রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেন। ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, কূটনীতিক এলাকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে শুরু থেকেই ভাবা হয়নি।
ত্রৈমাসিক সাময়িকী প্রতিচিন্তার নির্বাহী সম্পাদক ও গবেষক খন্দকার সাখাওয়াত আলী বলেন, ২০০৮ সালে একই কায়দায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি। সে সময়ে অর্থনীতিতে কেমন বিপর্যয় এসেছিল, তা সবার জানা।
বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, এ সমস্যা শান্তিপূর্ণ সমাধানের জন্য এফবিসিসিআইয়ের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করা হবে। এ কমিটি বর্তমান নীতিমালা এবং আইনের প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধনের ভিত্তিতে সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি সুষ্ঠু সমাধান করবে।
আলোচনায় আটাবের সভাপতি মাহবুব মোর্শেদ, টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদসহ পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।