হোলসিম ও লাফার্জের একীভূত হওয়া অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দুই বৃহৎ সিমেন্ট কোম্পানি লাফার্জ ও হোলসিমের একীভূত হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
বর্তমান চুক্তির কাঠামো অনুযায়ী একীভূত হওয়ার কার্যক্রম আর সামনে এগোচ্ছে না—হোলসিমের পক্ষ থেকে এমন বক্তব্য আসার কারণেই এ দুটি কোম্পানির সমন্বয়ে বিশ্বের বৃহত্তম সিমেন্ট কোম্পানি গড়ে ওঠার সম্ভাবনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
সুইজারল্যান্ডের হোলসিম ও ফ্রান্সের লাফার্জ গত বছরের এপ্রিলে পরস্পরের সঙ্গে একীভূত হওয়ার ঘোষণা দেয় এবং জুলাইয়ে একটি চুক্তি সই করে।
ওই সময় বলা হয়, লাফার্জের শেয়ারধারীরা প্রতিটি লাফার্জ শেয়ারের বিপরীতে একটি করে হোলসিম শেয়ার পাবেন। তখন থেকে লাফার্জের চেয়ে হোলসিমের শেয়ারের দর তুলনামূলকভাবে উচ্চহারে বাড়তে থাকে।
হোলসিম বলেছে, তারা এখন ‘বিশ্বস্ততার সঙ্গে’ শেয়ার বিনিময়ের অনুপাত নির্ধারণ ও পরিচালন কার্যক্রম নিয়ে সমঝোতায় আসতে বা ঐকমত্য হতে চায়।
হোলসিম ও লাফার্জের একীভূত হওয়ার প্রক্রিয়া যদি এগিয়ে যায়, তাহলে যৌথভাবে গড়ে ওঠা নতুন কোম্পানিটির বার্ষিক বিক্রির পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২০০ কোটি ইউরো বা ৩ হাজার ৩৮০ কোটি মার্কিন ডলার; যা বাংলাদেশের প্রায় ২ লাখ ৭০ হাজার কোটি টাকার সমান।
এক বিবৃতিতে হোলসিম বলেছে, ‘হোলসিমের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, একীভূত হওয়ার বিষয়ে যে চুক্তিটি হয়েছিল সেটির বর্তমান কাঠামো অনুযায়ী আর এগোনো যাবে না। সে জন্য পরিচালনা পর্ষদ বিশ্বস্ততার সঙ্গে শেয়ার বিনিময়ের অনুপাত নির্ধারণ ও পরিচালন কার্যক্রম নিয়ে সমঝোতায় বসার প্রস্তাব দিয়েছে লাফার্জকে।’
এদিকে হোলসিমের সিদ্ধান্ত পরিবর্তনের প্রতিক্রিয়ায় লাফার্জ জানিয়েছে, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তারা ‘শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সমতা বা সমমর্যাদার বিষয়ে চুক্তি পর্যালোচনার সম্ভাব্যতা খতিয়ে দেখতে রাজি আছে।’
সেই সঙ্গে লাফার্জ এ কথাও জানিয়েছে, ‘বর্তমান চুক্তির কোনো শর্ত পরিবর্তন বা সংশোধনে তারা রাজি হবে না।’ লাফার্জের পরিচালনা পর্ষদ বিদ্যমান চুক্তি অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানানো হয়েছে।
লাফার্জের প্রধান নির্বাহী ব্রুনো ল্যাফঁতকে একীভূত কোম্পানির প্রধান করা হয়েছিল। হোলসিম এখন যৌথ কোম্পানির ব্যবস্থাপনার বিষয়টিও পর্যালোচনা করতে চায় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
সূত্র: বিবিসি