হোলসিমকে ৯৩৬ কোটি টাকায় কিনছে লাফার্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিমেন্ট খাতের কোম্পানি হোলসিম বাংলাদেশকে কিনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলারের বিনিময় মূল্য ৮০ টাকা) ৯৩৬ কোটি টাকায় হোলসিমকে কিনে নেবে লাফার্জ। গতকাল বুধবার লাফার্জ সুরমা সিমেন্টের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে লাফার্জ সুরমা সিমেন্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোলসিম সিমেন্ট বাংলাদেশকে কিনে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে কত টাকায় হোলসিমকে কেনা হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।
তবে প্রথম আলোর পক্ষ থেকে সংশ্লিষ্ট অন্য একাধিক সূত্রের মাধ্যমে ৯৩৬ কোটি টাকায় হোলসিমকে কিনে নেওয়ার তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। এর পাশাপাশি হোলসিমের ঋণকেও আর্থিক হিসাবে নিয়ে নেবে লাফার্জ।
বর্তমানে বাংলাদেশের সিমেন্টের যে বাজার, তাতে আলাদাভাবে অষ্টম ও নবম অবস্থানে রয়েছে যথাক্রমে লাফার্জ ও হোলসিম। এখন দুটি কোম্পানি এক হয়ে গেলে সিমেন্টের বাজারে দ্বিতীয় অবস্থানে উঠে যাবে এটি। তখন তাদের বাজার অংশ হবে ১০ শতাংশের বেশি। শীর্ষে অবস্থানকারী শাহ সিমেন্টের বাজার অংশ হচ্ছে সাড়ে ১৪ শতাংশ। সিমেন্ট খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বছর শেষে বাংলাদেশে সিমেন্টের বাজারটির আকার বেড়ে দাঁড়াবে প্রায় ২০ হাজার কোটি টাকায়।
লাফার্জের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের বিশেষ সভায় হোলসিম বাংলাদেশের শতভাগ শেয়ার কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত ২ নভেম্বর অনুষ্ঠিত লাফার্জের পর্ষদ সভা শেষে জানানো হয়েছিল, হোলসিমের সঙ্গে লাফার্জের একীভূত ব্যবসার সম্ভাবনা যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে ২০১৪ সালের এপ্রিলে বৈশ্বিকভাবে লাফার্জ ও হোলসিম একীভূত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। সেই অনুযায়ী, বৈশ্বিকভাবে কোম্পানি দুটির একীভূত কার্যক্রম সম্পন্ন হয়। ফলে বিশ্বের সিমেন্ট খাতে জায়ান্ট দুই কোম্পানি এক ছাতার নিচে এসে ‘লাফার্জহোলসিম’ হিসেবে যাত্রা শুরু করে। এতে করে দুই কোম্পানি মিলে হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় সিমেন্ট কোম্পানি।
বৈশ্বিকভাবে একীভূত হওয়ার পর বাংলাদেশেও কোম্পানি দুটি একীভূতকরণের বিষয়টি সামনে চলে আসে। কারণ, এ দেশেও দুই কোম্পানির আলাদা কার্যক্রম ছিল। এর মধ্যে লাফার্জ সুরমা বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হলেও হোলসিম তালিকাভুক্ত নয়। তাই এ দেশে লাফার্জ ও হোলসিমের একীভূত হওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকায় তাতে কিছুটা বিলম্ব ঘটে। শেষ পর্যন্ত হোলসিমকে কিনে নেওয়ার মাধ্যমে এ জটিলতা নিরসনের সিদ্ধান্ত নিতে হয়েছে লাফার্জকে।
লাফার্জ সুরমার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিকভাবে একীভূত হওয়া লাফার্জহোলসিম গ্রুপ থেকে হোলসিম বাংলাদেশের সব শেয়ার কিনে নেবে লাফার্জ।
এর মাধ্যমে এ দেশে কোম্পানি দুটি এক হয়ে তাদের কার্যক্রম শুরু করবে। তবে পুরো প্রক্রিয়া কবে নাগাদ শেষ হবে, এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা হয়নি। কারণ, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার ক্ষেত্রে শেয়ারধারী ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের বিষয় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হোলসিমকে কিনে নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সাধারণ শেয়ারধারীদের অনুমোদন নিতে আগামী ৩১ জানুয়ারি বিশেষ সাধারণ সভার (ইজিএম) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল লাফার্জ সুরমা। এদিন এককভাবে কোম্পানিটির ৬৩ কোটি টাকার বেশি লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৬ শতাংশ। এ ছাড়া বুধবার ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩ টাকা ৭০ পয়সা বা প্রায় পৌনে ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ টাকায়।
এদিকে গত মাসের শেষে লাফার্জ সুরমা সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতের বন ও পরিবেশ মন্ত্রণালয় কোম্পানিটিকে দেশটির মেঘালয়ে স্থাপিত খনিতে চুনাপাথর উৎপাদন ও পরিবহনের ক্ষমতা বাড়ানোর অনুমোদন দিয়েছে। এতে করে মেঘালয় থেকে আগের চেয়ে বছরে ৩০ লাখ টন বেশি চুনাপাথর উৎপাদন করে তা বাংলাদেশে আনতে পারবে লাফার্জ সুরমা।
সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার ও লাফার্জের সিমেন্ট তৈরিতে কাঁচামাল হিসেবে নিজস্ব খনিতে উৎপাদিত চুনাপাথর ব্যবহার করা হয়। ভারতের মেঘালয় থেকে দীর্ঘ একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে এ চুনাপাথর সরাসরি বাংলাদেশের সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জের কারখানায় নিয়ে আসা হয়। এত দিন বছরে ২০ লাখ টন চুনাপাথর আনতে পারত কোম্পানিটি। এখন সেটির পরিমাণ বাড়ায় তাতে সিমেন্টের উৎপাদন বৃদ্ধিরও সম্ভাবনা তৈরি হলো বলে সংশ্লিষ্টরা জানান।