
এবারের হিসাবটি বছরওয়ারি। তাতে দেখা যাচ্ছে, তিন বছর পর কমল প্রবাসী আয়। সদ্য বিদায়ী বছরে প্রবাসীরা ১ হাজার ৩৬১ কোটি ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন, যা ২০১৫ সালের তুলনায় ১১ দশমিক ১৬ শতাংশ কম। এর আগে ২০১৩ সালেও প্রবাসীরা ২ দশমিক ৩৯ শতাংশ কম আয় পাঠিয়েছিলেন। প্রবাসী আয় কমার খবর আসছিল বছরের শুরু থেকেই। বছর শেষে তা সত্যি হলো।
এদিকে মাসভিত্তিক প্রবাসীদের পাঠানো আয়ও ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। ২০১১ সালের নভেম্বরে ৯০ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। এরপর প্রতি মাসেই আয় ১০০ কোটি ডলারের ওপরে ছিল। গত নভেম্বর ও ডিসেম্বরে দুই মাসেই এসেছে ৯৫ কোটি ডলার করে।
এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রবাসী আয়ের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। পেট্রলের দাম কমায় তাঁদের অর্থনৈতিক অবস্থা ভালো না। সৌদি আরবের মতো দেশ বাজেট কমিয়ে আনতে যাচ্ছে। ফলে এসব দেশে শ্রমের চাহিদা কমছে, নতুন নিয়োগ বন্ধ। অনেকের বেতন কমে যাচ্ছে, চাকরিও হারিয়েছেন অনেকে। আবার ব্যাংকের সঙ্গে খোলা বাজারে ডলারের দামের পার্থক্যও অনেক। দুটো কারণে প্রবাসী আয় কমে গেছে।
মির্জ্জা আজিজুল ইসলাম আরও বলেন, প্রবাসী আয় কমার প্রভাব পড়বে দারিদ্র্য বিমোচনে। যাঁরা কাজ করতে বিদেশে যান, তাঁদের বড় অংশই দারিদ্র্য রেখার কাছাকাছি। এ ছাড়া ভোগের ক্ষেত্রে বড় প্রভাব পড়বে। প্রবাসী আয় কমে যাওয়ায় ভোগের মাত্রা কমে যাবে।
বাংলাদেশ ব্যাংকের সব শেষ তথ্যমতে, সদ্য বিদায়ী বছরে প্রবাসীরা ১ হাজার ৩৬১ কোটি ডলার পাঠিয়েছেন। ২০১৫ সালে এসেছিল ১ হাজার ৫৩২ কোটি ডলার।
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবণতা শুরু হয় ২০১৩ সালে। আগের বছরগুলোতে প্রবৃদ্ধি ঘটলেও সে বছরে প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়। ওই বছরে প্রবাসীরা ১ হাজার ৩৮৩ কোটি ডলার পাঠান, যা ২০১২ সালের তুলনায় ২ দশমিক ৩৯ শতাংশ কম ছিল। ২০১৪ সালে ৭ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি হারে প্রবাসী আয় আসে ১ হাজার ৪৯২ কোটি ডলার। এরপর ২০১৫ সালেও প্রবাসী আয়ে ২ দশমিক ৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, দেশে ব্যাংকিং চ্যানেল ও খোলা বাজারে মার্কিন ডলারের দামের পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকার বেশি। একইভাবে প্রবাসীরাও অর্থ পাঠানোর ক্ষেত্রে দুই ধরনের প্রস্তাব পাচ্ছেন। বেশি টাকার আশায় অনেকেই অবৈধ পথকে বেছে নিচ্ছেন।
কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে উঠে এসেছে, দেশে নগদ ডলারের সংকট রয়েছে। এ সংকটের কারণে ব্যাংক ও খোলা বাজারে দামের পার্থক্য বাড়ছে। এদিকে ডলারের বিপরীতে পাউন্ড, ইউরো, রিঙ্গিত, সিঙ্গাপুর ডলারসহ প্রভৃতি মুদ্রার মূল্যমান কমে গেছে। ফলে এসব দেশের শ্রমিকদের আয়ের বিপরীতে বাংলাদেশি টাকা কম পাওয়া যাচ্ছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের দাম কমায় শ্রমিকদের আয় কমে গেছে। অনেক দেশে শ্রমিকদের বেতনও অনিয়মিত হয়ে গেছে।
এ ছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরবসহ কয়েকটি দেশে বিকাশের নামে টাকা গ্রহণ করা হচ্ছে। এর পুরোটাই অবৈধ পথে দেশে আসছে। এসব কারণে রেমিট্যান্স কমে গেছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের ডেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স আনতে তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।