হোলসিম বাংলাদেশের সিমেন্ট উৎপাদনের ক্ষমতা বাড়ল
সুইজারল্যান্ডভিত্তিক সিমেন্ট কোম্পানি হোলসিম (বাংলাদেশ) লিমিটেড গতকাল বুধবার নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ঘণ্টায় আরও ১১০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি প্ল্যান্ট বা কারখানার সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোলসিম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রজনিশ কাপুর, হোলসিম গ্রুপের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান এইডেন লেইনাম, এনেক্সকো টেকনোলজির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কে জে পুটেজ, ডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আমিন প্রমুখ।বর্তমানে বাংলাদেশে হোলসিমের তিনটি প্ল্যান্ট বা কারখানা রয়েছে। বাংলাদেশের প্রায় সব বৃহৎ স্থাপনায় হোলসিম সিমেন্ট ব্যবহূত হয়ে আসছে। ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক চাহিদার দিকে লক্ষ রেখে হোলসিম বাংলাদেশে নতুন এই বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার জন্য সুইজারল্যান্ডের হোলসিম এবং স্পেনের হোলসিম ট্রেডিং এই নতুন কারখানা নির্মাণের কাজ তদারক করবে। বাংলাদেশে চাহিদা বৃদ্ধিসহ এশিয়ার বিভিন্ন দেশে সিমেন্টের চাহিদা আগামীতে বৃদ্ধির সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে হোলসিম বাংলাদেশ উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ করছে। বিজ্ঞপ্তি।