হ্যাঁ, প্রবৃদ্ধি এবার কমিয়ে ধরছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেটের আগের দিন বাজেট ছাড়াও কথা বললেন অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে। আশার কথাও শোনালেন তিনি। বিশেষ এই সাক্ষাৎকারটি নিয়েছেন প্রথম আলোর সোহরাব হাসান ও ফখরুল ইসলাম
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল নিজ দপ্তরে l প্রথম আলো
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল নিজ দপ্তরে l প্রথম আলো

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সময় দিয়েছিলেন দুপুর ১২টা। যথাসময়ে পৌঁছে শুনি, তিনি আগেই এসে গেছেন। ঘরোয়া অনুষ্ঠানে যেমন, নিজের দপ্তরেও অত্যন্ত সাদামাটা পোশাকে তিনি। সাদা পায়জামার ওপর খয়েরি পাঞ্জাবি পরা, পকেটে তিন রঙের তিনটি বলপেন। বেশ ফুরফুরে মেজাজে আছেন। পাশের টেবিলে ২০১৫-১৬ অর্থবছরের মুদ্রিত বাজেটের কপি। ওপরে দেয়ালে লাগানো ৬৪টি জেলায় বিভক্ত বাংলাদেশের রঙিন মানচিত্র, যা জেলা বাজেটের কথাই মনে করিয়ে দেয়। তিনি টেবিলের সামনে রাখা ধূসর রঙের সোফায় বসলেন, যাতে সবার কথা বলতে সুবিধা হয়। হাসিভরা মুখ। উষ্ণ অভ্যর্থনা জানালেন। জিজ্ঞেস করলাম, একটানা সপ্তমবারের মতো বাজেট ঘোষণা করতে যাচ্ছেন, এটি নিশ্চয়ই একটা বিশেষ মুহূর্ত বললেন, এই সুযোগ বাংলাদেশে আগে কেউ পাননি। গতবারের বাজেটটি ছিল আগের সরকারের ধারাবাহিকতা। এবার নতুন কিছু তো থাকবেই। এরপর আলোচনা চলতে থাকে:

প্রথম আলো: ছয় বছর ধরেই দেখা যাচ্ছে বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় পরের বছর বাড়িয়ে ধরা হয়। এবারই কি ব্যতিক্রম? আগের বছরের তুলনায় তা কি কিছুটা কমিয়ে ধরা হচ্ছে?
আবুল মাল আবদুল মুহিত: হ্যাঁ। এবার কমিয়ে ধরছি। আসলে প্রবৃদ্ধির হার অর্জনে আমাদের বাস্তবভিত্তিক হওয়া দরকার। গত পাঁচ-ছয় বছরে কী হয়েছে? যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল, তা তো আমরা অর্জন করতে পারিনি। প্রবৃদ্ধি অর্জনে এখনো ৬-এর ঘরে আটকে রয়েছি। তবে এটা ঠিক, আগামী বাজেটটি হবে ৬ থেকে বেরিয়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জনের পথ-নকশা।

প্রথম আলো: কীভাবে তা সম্ভব হবে, যেখানে বেসরকারি বিনিয়োগে আমরা জিডিপির ২১-২২ শতাংশেই আটকে রয়েছি? পাকিস্তানের মতো দেশেও বিদেশি বিনিয়োগ আসছে, কিন্তু আমরা এ ক্ষেত্রে পিছিয়ে।

আবুল মাল আবদুল মুহিত: বিনিয়োগ বাড়বেই, বাড়তে বাধ্য। আর পাকিস্তান বেসরকারি খাতের বিনিয়োগে আগে থেকেই এগিয়ে। দেশটির সম্পদও ভালো। বিশেষ করে গ্যাস-সম্পদে তারা আমাদের চেয়ে এগিয়ে। এই সুযোগটিই পাকিস্তান পাচ্ছে। হ্যাঁ, পাকিস্তানের তুলনায় আমাদের বিদেশি বিনিয়োগ অনেক কম।

প্রথম আলো: একশ্রেণির মানুষ তো বিনিয়োগ না করে অর্থ পাচার করছে বিদেশে। তা রোধ করতে পারছেন না কেন?

আবুল মাল আবদুল মুহিত: এ ব্যাপারে কিছু করতে পারছি না। পাচার রোধ করতে হবে মূলত অর্থনীতির শক্তি দিয়ে। আমরা চেষ্টা করছি। আমার লোক যদি দেশে বিনিয়োগ করে, তাহলেই কিন্তু পাচারের সুযোগ কমে যায়। কিন্তু তা তাঁরা করছেন না। আসলে এটা একটা দুর্নীতিগ্রস্ত সমাজ।

প্রথম আলো: যেমন?

আবুল মাল আবদুল মুহিত: ব্যাংকাররা মনে করেন ঋণ দিলে তাঁরা নিজেরাও কিছু পাবেন না কেন। আর যাঁরা ঋণ পেতে চান, তাঁরাও মনে করেন পেতে গেলে ব্যাংকারদের কিছু দিতে হবে। দুই পক্ষের এই প্রবণতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রথম আলো: বেসিক ব্যাংকসহ রাষ্ট্র খাতের কিছু ব্যাংকে যে লুটপাট হয়েছে, তা পূরণে সরকারি কোষাগার থেকে বিপুল অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে। এ টাকা তো জনগণের টাকা।

আবুল মাল আবদুল মুহিত: বেসিক ব্যাংককে টাকা দিতে হচ্ছে জনগণেরই জন্য। তবে এটা ঠিক, শুরুর দিকে এই ব্যাংকের কর্মকাণ্ড অতটা বুঝতে পারিনি। পরে দেখলাম যে বিপুল পরিমাণ বেনামি ঋণ। লোক নেই, কিন্তু টাকা তুলে দেওয়া হচ্ছে। যিনি মূলত এগুলো করলেন, তিনি হচ্ছেন বড় ডাকাত। অনেক বড় ডাকাত।

প্রথম আলো: ওই ডাকাতের শাস্তি তো আর দিলেন না। বরং মেয়াদ শেষ হওয়ার আগের দিন, ডাকাতির হোতা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে পদত্যাগের সুযোগ করে দিলেন?

আবুল মাল আবদুল মুহিত: শাস্তি এখন পর্যন্ত হয়নি। হবে হয়তো এখন। তবে আরও আগেই ওই ডাকাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। নানা কারণে তা সম্ভব হয়নি।

প্রথম আলো: বাজেটের আকার কি শেষ পর্যন্ত তিন লাখ কোটি টাকা থেকে ৫ হাজার কোটি নামিয়ে আনলেন?

আবুল মাল আবদুল মুহিত: হ্যাঁ। আগে একটা হিসাব দিয়েছিল আমার লোকেরা, যা তিন লাখ কোটি টাকার মতো ছিল। পরে দেখা গেল, এটা মেলানো যায় না। তাই কিছুটা কমছে। আর আমি তো বলছিলাম, এটা তিন লাখের কাছাকাছি হবে। এখন দেখা যাক, কতটা কাছাকাছি থাকছে।

প্রথম আলো: সরকারি চাকুরেদের জন্য ভবিষ্যতে নতুন বেতন-কাঠামো কার্যকর করতে হবে, চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদায় লক্ষ্যমাত্রা কমানো হলো ১৫ হাজার কোটি টাকা। এমন বাস্তবতায় আগামীবার এনবিআরের জন্য ৪১ হাজার কোটি টাকা বাড়তি আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। অর্জন করা সম্ভব হবে কি?

আবুল মাল আবদুল মুহিত: অবশ্যই সম্ভব হবে। আদায়ের জন্য এনবিআরই প্রধান। আগামীবার তাদের ৩০ শতাংশ টাকা বেশি আদায় করতে হবে। আগে একবার এ লক্ষ্যমাত্রা বাড়তি ২৩ শতাংশ ধরা হয়েছিল। এবার ৩০ শতাংশ বেশি না। নাসিরউদ্দিন আহমেদ যখন এনবিআরের চেয়ারম্যান, তখন একটা জরিপ হয়েছিল। কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশও এসেছিল। কিন্তু কোনো পদক্ষেপই কাজে আসেনি। আমরা আবার একটা জরিপ করেছি। দেখা গেছে, অন্তত ১৮ লাখ লোকের কাছ থেকে কর আদায় করা সম্ভব। এবার আমরা সেই চেষ্টাই করব। তা ছাড়া বেসরকারি খাত কর ফাঁকি দিচ্ছে। এখানেও হাত দেব।

প্রথম আলো: বাজেট বাস্তবায়নে আপনি কোনো চ্যালেঞ্জই অনুভব করছেন না?

আবুল মাল আবদুল মুহিত: চ্যালেঞ্জ তো আছেই। সম্পদের সীমাবদ্ধতা হলো বড় চ্যালেঞ্জ। তারপর রয়েছে রাজস্ব সংগ্রহের সমস্যা। এগুলোর জন্য সময় লাগে। স্বয়ংক্রিয় ব্যবস্থায় যেতে পারলে কিছু ফল পাওয়া যাবে। আমরা সে পথেই আছি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও আমরা প্রথাগত। এ প্রক্রিয়ায়ও সংস্কার আনা দরকার। এ ব্যাপারে জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রথম আলো: মূল্যস্ফীতি ও জ্বালানি তেলের দাম কম থাকার সুবর্ণ সুযোগটি বাজেটে কীভাবে কাজে লাগাচ্ছেন?

আবুল মাল আবদুল মুহিত: ভোক্তারা এখনো তেলের দাম কমার সুফল ভোগ করতে পারেননি। তবে দেশ ভোগ করছে। আর জ্বালানি তেল প্রধানত যাঁরা ব্যবহার করেন, তাঁরা ধনী লোক। তাঁদের জন্য দামে ছাড় দেওয়ার কোনো কারণ নেই। শুধু তেল নয়, গ্যাসের দামেও সমস্যা রয়েছে। গ্যাসের দাম কয়েক ধরনের। দেশিদের জন্য এক রকম, বিদেশিদের জন্য আরেক রকম। খুব জটিল। কিছু খাতে কমিশন গঠনের পরামর্শ দিচ্ছেন অনেকে। তেল-গ্যাস খাতের জন্য কমিশন করা যেতে পারে। কিন্তু ব্যাংক খাতের জন্য কমিশনের দরকার নেই।

প্রথম আলো: সম্প্রতি এক প্রাক-বাজেট আলোচনায় যে বললেন, তেলের দাম সমন্বয় করবেন!

আবুল মাল আবদুল মুহিত: সেটা হবে বাজেটের পরে।

প্রথম আলো: সঞ্চয়পত্রের মুনাফার হার যে কমালেন, সমাজের একটা শ্রেণি তাতে খুবই উদ্বিগ্ন।

আবুল মাল আবদুল মুহিত: কমানোর পরও যা আছে, তা-ও তো কম নয়। বোগাস উদ্বেগ।

প্রথম আলো: সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধির ফলে কি জিনিসপত্রের মূল্যবৃদ্ধির শঙ্কা রয়েছে?

আবুল মাল আবদুল মুহিত: কোনো শঙ্কা নেই। আগেও তো বেতন বেড়েছিল। তার কোনো প্রভাব কি জিনিসপত্রের দামের ওপর পড়তে দেখেছেন? দেখেননি। এবারও দেখবেন না।

প্রথম আলো: জেলা বাজেট এবারও থাকছে?

আবুল মাল আবদুল মুহিত: এটা নিয়ে একধরনের ভুল বার্তা রয়েছে মানুষের কাছে। জেলা বাজেটের উদ্দেশ্যটা হচ্ছে একটি জেলার মানুষ জানুক যে তাদের জেলায় কী সম্পদ রয়েছে, আর সরকার ওই জেলার কোন খাতে কী বরাদ্দ দিচ্ছে।

প্রথম আলো: রাজনৈতিক অস্থিরতার কারণে কি উন্নয়নের দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি না?

আবুল মাল আবদুল মুহিত: তা তো কিছুটা পড়ছিই। কিন্তু এটাও ঠিক যে কোনো আন্দোলনই আর উন্নয়নকে ঠেকিয়ে রাখতে পারবে না। খালেদা জিয়ার রাজনীতি শেষ (ফিনিশড)। অফিশিয়ালি তিনি এখন আর কেউ নন। বিরোধীদলীয় নেত্রীও নন। বিরোধীদলীয় নেত্রী এখন রওশন এরশাদ। খালেদা জিয়া তারপরও গুরুত্ব পান। প্রধানমন্ত্রীর বক্তৃতায়ও তাঁর নাম থাকে। তবে যে অপরিণামদর্শী রাজনীতি খালেদা জিয়া করেন, তার মূল্য দিতে হবে তাঁকে।

প্রথম আলো: আপনি যখন মন্ত্রী ছিলেন না, তখন প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ কমানোর কথা বলতেন, আর মন্ত্রী হওয়ার পর আপনার হাত দিয়েই এ বাজেটের আকার বাড়ছে। খুলে বলবেন?

আবুল মাল আবদুল মুহিত: এটা নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। এখন পর্যন্ত বাজেটে প্রতিরক্ষা খাতের বরাদ্দ নিয়ে যে তথ্য দেওয়া হয়, তাতে কিছুই বোঝা যায় না। বাজেট বক্তব্যে আগে প্রতিরক্ষা খাত নিয়ে এক লাইন থাকত, এখন থাকে কয়েক লাইন। তবে বিশ্বের প্রায় সব দেশেই বাজেটে প্রতিরক্ষা খাতের বিশদ বিবরণ থাকে। এ নিয়ে আলোচনা হতেও অসুবিধা নেই। তবে আমাদের এখানে যা চলছে, তা বলা যেতে পারে পাকিস্তানি প্রথা (ট্র্যাডিশন)।

প্রথম আলো: ভারত, ইংল্যান্ডসহ বিশ্বের প্রায় অর্থমন্ত্রীদের চেয়েই আপনার বাজেট বক্তব্য অনেক বড় এবং এতে সুনির্দিষ্ট তথ্য থাকে না—অনেকেই এমন কথা বলে থাকেন।

আবুল মাল আবদুল মুহিত: অনেকে বলবেন কি, আমি নিজেই বলি। বড় না, বলতে পারেন যে আমার বাজেট বক্তব্যে বিশদ বিবরণ থাকে। তথ্য, তুলনা ও বিশ্লেষণ থাকে। ভারতে তো দেখি এতগুলো মোটা মোটা বই।

প্রথম আলো: নতুন বাজেটে তাহলে নতুন কী থাকছে?

আবুল মাল আবদুল মুহিত: বাজেট সাদামাটাই। এ বাজেটে শিক্ষা ও মানবসম্পদ খাত গুরুত্ব পাবে। প্রতিবারই নতুন বাজেটে আগেরবারের একটা ধারাবাহিকতা থাকে। এবারও আছে। আসলে ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আমরা যা বলেছিলাম, বাজেট প্রণয়নের সেটাও এক ধরনের ভিত্তি। এর মধ্যে অনেক কাজ হয়েছে, অনেক কাজ এখনো বাকি। এবার তো নরেন্দ্র মোদি সরকারের কল্যাণে আমরা নতুন কিছু অঞ্চল পেয়েছি। ছিটমহল। ভবিষ্যতে ছিটমহলবাসীর জন্য কিছু করার থাকবে। মোটাদাগে আগামী বাজেট হবে অর্থনীতিকে বেগবান ও কার্যকর করার বাজেট।