হ্যাঁ, বাজেট উচ্চাভিলাষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী l ছবি: প্রথম আলো
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী l ছবি: প্রথম আলো

কালোটাকা নিয়ে প্রশ্ন করায় স্পষ্টতই বিব্রত হলেন অর্থমন্ত্রী। বাজেটের আগে আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, কালোটাকা সাদা করার সুযোগ থাকছে না। কিন্তু এ নিয়ে বাজেটে একটি কথাও বলেননি তিনি। অথচ চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটেই কালোটাকা সাদার সুযোগ দিয়ে রেখেছেন। এর অর্থ হচ্ছে, কালোটাকা সাদা করার সুযোগ থাকছেই। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একে বলেছে কালোটাকার প্রতি অর্থমন্ত্রীর নীরব সমর্থন।
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কালোটাকা নিয়েই প্রশ্ন করা হলো অর্থমন্ত্রীকে। উত্তরে তিনি বললেন, কালোটাকা সাদা করার সুযোগ আর দেওয়া হচ্ছে না।
কিন্তু অর্থমন্ত্রীর এ উত্তরে সন্তুষ্ট হলেন না সাংবাদিকেরা। কারণ, আয়কর আইনে কালোটাকা সাদা করার সুযোগ চলতি বাজেটেই রাখা আছে। বিষয়টি সুস্পষ্ট করার জন্য বারবার প্রশ্ন করতে থাকেন সাংবাদিকেরা। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বললেন, বাজেট বক্তৃতায় কালোটাকা সাদা করার প্রসঙ্গটি আনতে তিনি আসলে ভুলে গিয়েছিলেন। এরপর অর্থমন্ত্রী বললেন, ‘ধরে নিন, আজ থেকে এটি বাতিল হয়ে গেল।’
তাতেও বিষয়টি স্পষ্ট না হওয়ায় এ বিষয়ে কথা বলেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। তিনি বলেন, ‘বর্তমানে আবাসন খাতে, ট্রেজারি বন্ডে বিনিয়োগ ও জরিমানা দিয়ে যেকোনো অপ্রদর্শিত আয় বৈধ করা যায়। এটি রাখা না-রাখা নিয়ে আলোচনা হচ্ছে। ২৯ জুন জাতীয় সংসদে বাজেট পাসের আগেই বিষয়টির সুরাহা হয়ে যাবে।’ তিনি আরও জানান, পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ অনেক আগেই শেষ হয়ে গেছে।
দীর্ঘদিন ধরে কালোটাকা নিয়ে সোচ্চার দেশের বিশিষ্ট ব্যক্তি ও অর্থনীতিবিদেরা। তার পরও বাজেটে লুকিয়ে হলেও কালোটাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। এ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘অর্থমন্ত্রী কালোটাকা সাদা করা বাদ দিয়ে দিলেন, আর এনবিআরের চেয়ারম্যান আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানালেন। বিষয়টি গোলমেলে। আমার মনে হয়, পুরো বিষয়টি নিয়ে নৈতিক অবস্থানের দৃঢ়তা দেখাতে পারছেন না অর্থমন্ত্রী। অর্থাৎ একধরনের টানাপোড়েনের মধ্যে আছেন।’
দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত নীতি অনুযায়ী এবং জনগণের আস্থা অর্জনে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া থেকে বিরত থাকা সরকারের উচিত বলে মনে করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘এ সুযোগ শুধু অনৈতিক নয়, বৈষম্যমূলক এবং অসাংবিধানিকও।’
গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী সংসদে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন। প্রথাগতভাবে বাজেট পেশের পরের দিনই সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। গতকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। আড়াই ঘণ্টার বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে কালোটাকা নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এর বাইরে সংবাদ সম্মেলনটি ছিল বৈচিত্র্যহীন ও একঘেয়ে। উপস্থিত মন্ত্রীরা দীর্ঘ বক্তৃতা দিয়েছেন। আর কিছু ব্যতিক্রম বাদে সাংবাদিকদের প্রশ্নও ছিল গতানুগতিক ও গুরুত্বহীন। কেউ কেউ আবার অর্থমন্ত্রীর প্রশংসাতেই ব্যস্ত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ সময় আরও ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান মো. গোলাম হোসেন ও পরিকল্পনাসচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।
কালোটাকা সাদা করার সুযোগ থাকলেও এ থেকে কখনোই ভালো কোনো ফল পাওয়া যায়নি। একমাত্র ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় উল্লেখযোগ্য পরিমাণে কালোটাকা সাদা হয়েছিল। স্বাধীনতার পর এখন পর্যন্ত দেশে সব মিলিয়ে ১৩ হাজার ৫১৬ কোটি টাকা সাদা হয়েছে, এর মধ্যে কেবল ২০০৭-০৮ সালেই হয়েছে নয় হাজার ৬৮২ কোটি টাকা।
কালোটাকা আশানুরূপ সাদা না হওয়ার তথ্য অর্থমন্ত্রীর কাছেও রয়েছে। সেই হতাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘কালোটাকা কেউ সাদা করে না। গতবার তিনটি উৎস রেখেছিলাম। কর পাওয়া গেছে মাত্র ৩৪ কোটি টাকা।’ তিনটি খাত হচ্ছে আবাসন খাত, ট্রেজারি বন্ডে বিনিয়োগ ও জরিমানা দিয়ে যেকোনো সময় অপ্রদর্শিত আয় সাদা করা।
অর্থমন্ত্রী বলেন, ‘কালোটাকার উৎপাদন কীভাবে হয়, তার অন্য কারণ আছে। এ ব্যাপারে আগেই বলেছি, একটা সমীক্ষা করা হবে। এর আগে একটা সমীক্ষা করাও হয়েছিল।’ দেশের অর্থনীতিতে ৪২ থেকে ৮২ শতাংশ পর্যন্ত কালোটাকা রয়েছে বলে ওই সমীক্ষায় উঠে এসেছিল বলে তথ্য দেন অর্থমন্ত্রী।
আর কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কালোটাকা উৎপাদনের বড় উৎস হচ্ছে জমি নিবন্ধন। অর্থাৎ জমির নিবন্ধনমূল্যের সঙ্গে প্রকৃত মূল্যের কোনো সম্পর্ক নেই। এটি কীভাবে দূর করা যায়, ভেবে দেখা হচ্ছে।
এবারের বাজেটকে উচ্চাভিলাষী বললেন সবাই। এ নিয়ে প্রশ্ন করা হলে এ সমালোচনাকে সহজেই মেনে নেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘সবাই বলছেন, বাজেট উচ্চাভিলাষী। হ্যাঁ, প্রথমবার (২০০৯-১০) থেকেই উচ্চাভিলাষী বাজেট দিচ্ছি এবং প্রথম থেকেই আমাদের অর্জন অসাধারণ। ব্যয় করার সামর্থ্য আছে। এটাই আমাদের সরকারের চরিত্র। এটি বজায় রাখা হবে।’ তিনি বলেন, উচ্চাভিলাষের কারণেই পাঁচ বছর পর বাজেটের আকার দ্বিগুণ ছাড়িয়েছে।
জিডিপি: আগামী অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছে

সেন্টার ফর পলিসি ডায়ালগ। চলতি অর্থবছর শেষে ৬ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে প্রাক্কলন করা হয়েছে, সেটা নিয়েও বাজেটের আগেই প্রশ্ন তুলেছিল সিপিডি। এ নিয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সিপিডির অভিযোগ অত্যন্ত অন্যায়। আমরা কখনো এসব তথ্যের ওপরে খোদকারি করি না। এখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তারা যাঁরা আছেন, তাঁরা বলুক তাঁদের ওপর আমরা কখনো কোনো চাপ দিই কি না। এটি অত্যন্ত অন্যায় অভিযোগ। স্টুপিড।’
সিপিডি নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এই প্রতিষ্ঠানটিকে একসময় সাহায্য-টাহায্য করেছি।’ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি গল্পের কবিরাজ চরিত্রের সঙ্গে সিপিডিকে তুলনা করে মতিয়া চৌধুরী বলেন, ‘কবিরাজদের মস্তিষ্কের সুস্থতা কামনা করি।’
মূল্যস্ফীতি: আগামী অর্থবছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৭ শতাংশ। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বাড়লেও আগামীবারের জন্য করমুক্ত আয়সীমা কেন বাড়ানো হলো না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘করমুক্ত আয়সীমা কোনো দেশেই ঘন ঘন পরিবর্তন হয় না। আমি চেয়েছিলাম ১০ বছরের জন্য একটি নিির্দষ্ট কাঠামো করতে। কিন্তু প্রধানমন্ত্রী রাজি না হওয়ায় সেটি সম্ভব হয়নি।’
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০০৯ সালে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক শূন্য ১ শতাংশ। পাঁচ বছর পর তা ৭ শতাংশে এসেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, পাকিস্তান-ভারতের চেয়ে বাংলাদেশের মূল্যস্ফীতি কম।
কৃষি বরাদ্দ: কৃষি বরাদ্দ কমানোর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘কৃষি খাতে কোনো সমস্যা হলে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সরকার। এই খাত ব্যক্তিমালিকানাধীন। এতে আমরা মূলত ভর্তুকি দিই।’
এ বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা যা চেয়েছি, তা-ই পেয়েছি। ২০০৯ সালে অনেক টাকা ভর্তুকি দিয়ে সারের দাম কমানো হয়। সারের দাম এখন স্বাভাবিক৷ আগের চেয়ে বেশি ভর্তুকি দিতে হচ্ছে না বলেই বরাদ্দ বাড়ছে না বলা হচ্ছে।’
বাড়িভাড়া: ব্যাংক হিসাবে বাড়িভাড়া জমা বাধ্যতামূলক করার বিষয়ে ব্যাখ্যা দেন এনবিআরের চেয়ারম্যান। তিনি বলেন, এটি এখনো প্রস্তাব হিসেবে আছে। কোনো বিধিবিধান করা হয়নি। ৩০ জুনের মধ্যে হয়ে যাবে। গোলাম হোসেন বলেন, ‘অনেকেই বলছেন, বাড়িওয়ালারা অল্প টাকা ব্যাংকে দিয়ে বাকিটা নগদে আদায় করবেন। কিন্তু বাড়িওয়ালা ও ভাড়াটে—উভয়ের কাছেই তো ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ থাকবে। এটি দিয়ে যাচাই-বাছাই করা যাবে।’
এ ক্ষেত্রে অসততা করলে ১০ শতাংশ দণ্ডের বিধান আছে, সেটি ৫০ শতাংশ করার চিন্তা চলছে বলে জানান গোলাম হোসেন। তিনি বলেন, দলিল ছাড়াই বাড়িভাড়া দেওয়া হয়, যা পৃথিবীর আর কোথাও হয় না। বাড়িভাড়ার তথ্য গোপন করলে বিপদে পড়বেন বািড়ওয়ালারা।
অন্যান্য প্রসঙ্গ: বাজেট ঘাটতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, গতবার জিডিপির মাত্র ৫ শতাংশ ঘাটতি ছিল। এ ছাড়া সব বছরই ৫ শতাংশের নিচে। এটাই মানসম্পন্ন হার। দারিদ্র্য কমার পাশাপাশি বৈষম্য কমছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। প্রতিরক্ষা খাতের বরাদ্দ নিয়ে বাজেট বক্তব্যে বিশদ কিছু না থাকার কারণ জানতে চাইলে সরাসরি কোনো জবাব দেননি অর্থমন্ত্রী।
সংবাদ সম্মেলনের শেষের দিকে সোনার ওপর কর বসানো নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে কিছুটা হাস্যরসের সৃষ্টি হয়। কেন তিনি সোনার দিকে হাত বাড়ালেন—এ প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি খুবই আশ্চর্য হচ্ছি যে, সোনার ওপর আমার দৃষ্টিটা আগে কেন পড়েনি। সোনা তো খুবই ভালো আয়ের উৎস। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি ভরি সোনা আনতে চার-পাঁচ হাজার টাকা দিতে হয়, সেখানে আমাদের মাত্র ১৫০ টাকা। তাই শুল্ক বাড়ানোর প্রস্তাবটি উত্তম। বিশ্বাস করি, সবাই আগ্রহসহকারে এই প্রস্তাবকে সমর্থন করবেন।’
আমদানি করা মুঠোফোনে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের ১৫-১৬ কোটি মানুষের মধ্যে মোবাইল ব্যবহার করেন ১০ কোটি। আর যাঁরা মোবাইল ব্যবহার করেন, তাঁরা এই ক্ষুদ্র কর আরোপে আপত্তি করবেন না। এটি খুব সহজেই আদায় করা সম্ভব।’
এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান বলেন, স্থানীয় পর্যায়ে এখন সংযোজিত মোবাইল ফোনসেটে ১৫ শতাংশ মূসক থাকলেও আমদানি পর্যায়ে ছিল না। এ বৈষম্য দূর করতেই এতে মূসক বসানো হয়েছে।
বাজেট উপস্থাপনের দিন সংসদে বিরোধী দলের উপস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘গতবার বলেছিলাম বিরোধী দলের অনুপস্থিতি দুঃখজনক। এবার অবশ্য বিরোধী দল ছিল। তা যেমন ধরনের বিরোধী দলই হোক না কেন।’