১ আগস্ট বন্ধ হচ্ছে সাধারণ মূল্যসূচক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে আগামী ১ আগস্ট সাধারণ মূল্যসূচক প্রত্যাহার করা হচ্ছে। আজ সোমবার ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইশতিয়াখ আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ডিএসইতে নতুন সূচক ডিএসইএক্স চালু হয়। ওই দিন জানানো হয়েছিল, বিনিয়োগকারীসহ সূচক ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন সূচকের পাশাপাশি তিন মাস পুরোনো সূচকটিও ডিএসইর ওয়েবসাইটে প্রদর্শিত হবে। এদিকে গত বৃহস্পতিবার ব্যাপক দরপতনে ডিএসইএক্স ও সাধারণ সূচকের বড় ব্যবধান লক্ষ করা যায়। এরই পরিপ্রেক্ষিতে পুরোনো সূচক সরিয়ে নেওয়ার দাবি বিনিয়োগকারীদের। এমনকি আজও ডিএসইএক্স ও সাধারণ মূল্যসূচকের মধ্যে ১০ পয়েন্ট ব্যবধান লক্ষ করা যায়। আজ ডিএসইএক্স সূচক কমেছে ৩৫ পয়েন্ট; কিন্তু সাধারণ মূল্যসূচক কমেছে ৪৬ পয়েন্ট।