১ কোটি ২৯ লাখ কর্মসংস্থান লক্ষ্য
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হলে অতিরিক্ত ১ কোটি ২৯ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন-সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির চূড়ান্ত সভায় পরিকল্পনামন্ত্রী এ তথ্য দেন। তিনি জানান, এবারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় গড়ে ৭ দশমিক ৪ শতাংশ মোট উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) অর্জনের লক্ষ্য ঠিক করা হয়েছে। আর দারিদ্র্য হার ২৪ দশমিক ৮ থেকে ১৮ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০১১-১৫) প্রথম তিন বছরে ৬ দশমিক ৪ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। লক্ষ্য ছিল গড়ে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন। অন্যদিকে দারিদ্র্য হার ৩১ দশমিক ৬ শতাংশ থেকে সাড়ে ২২ শতাংশে নামিয়ে আনার কথা ছিল। তবে কর্মসংস্থানের প্রকৃত হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।
স্টিয়ারিং কমিটির সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এবারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি প্রক্রিয়াকরণে সর্বাধিক সুযোগ দিতে কৃষি প্রক্রিয়াজাত যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে শূন্য কর সুবিধার প্রস্তাব রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, দেশে আয়বৈষম্য কমে আসছে। বর্তমানে রংপুর অঞ্চলে শ্রম মজুরি ২০১৩-১৪ সালের তুলনায় অনেক বেড়েছে। এটা এ নির্দেশনা দেয়, গ্রাম ও শহরের মজুরির ব্যবধান দিনে দিনে কমে আসছে।
সভায় জানানো হয়, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সামাজিক খাতে ব্যয়ের হার বর্তমানের জিডিপির ২ শতাংশ থেকে ২ দশমিক ৩ শতাংশে উন্নীত করা হবে। একই সঙ্গে গবেষণা ব্যয় জিডিপির শূন্য দশমিক ৬ শতাংশ থেকে ১ শতাংশ করা হবে।