১ ঘণ্টা দোকান বন্ধ রেখে মানববন্ধন ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবিতে ব্যবসায়ী ঐক্য ফোরামের ডাকে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। রাজধানীর নিউমার্কেটের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবিতে ব্যবসায়ী ঐক্য ফোরামের ডাকে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। রাজধানীর নিউমার্কেটের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

মূল্য সংযোজন কর (মূসক) আইনে স্থায়ীভাবে প্যাকেজ মূসকব্যবস্থা অন্তর্ভুক্ত করার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী ঐক্য ফোরামের ডাকে গতকাল সোমবার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।
ব্যবসায়ীদের দাবি, নতুন মূসক আইন বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। দ্রব্যমূল্য বাড়বে। পাশাপাশি বিদেশি পণ্যের আমদানি বেড়ে যাবে।
আগামী অর্থবছর থেকে ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। তবে ব্যবসায়ীরা আইনটি সংশোধন করে তাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ কমিটির সাত দফা সুপারিশ বাস্তবায়ন এবং প্যাকেজ মূসকব্যবস্থা অন্তর্ভুক্ত করার দাবি করে আসছিলেন। এ দাবি আদায়ের জন্য গঠিত ব্যবসায়ী ঐক্য ফোরাম গত শনিবার এ মানববন্ধন কর্মসূচির ডাক দেয়।
ফোরামের নেতারা বলেছেন, আগামী বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্যাকেজ মূসক বিষয়ে ইতিবাচক কোনো ঘোষণা না দিলে নতুন কর্মসূচি দেওয়া হবে।
পুরান ঢাকার চকবাজার, ইসলামপুর, নবাবপুর, সদরঘাট এলাকা, উর্দু রোড, বেগমগঞ্জ, মৌলভীবাজার, শ্যামবাজার; নিউমার্কেট, কারওয়ান বাজার, মিরপুর রোড, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ফোরামের নেতারা অংশ নেন চকবাজারে আয়োজিত মানববন্ধনে।
বেলা সাড়ে ১১টার দিকে চকবাজারে গিয়ে দেখা যায়, মানববন্ধনের আয়োজকেরা ব্যবসায়ীদের রাস্তায় আসার আহ্বান জানিয়ে মাইকিং করছেন। দুপুর ১২টার কিছু সময় আগে একে একে সব দোকান বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী ও দোকানকর্মীরা রাস্তায় নেমে আসেন। আশপাশের এলাকা থেকেও ব্যানার নিয়ে ব্যবসায়ীরা চকবাজারে জড়ো হন।
বেলা একটা পর্যন্ত চকবাজারের প্রায় সব দোকান বন্ধ ছিল। এমনকি ফুটপাতের বিক্রেতাদেরও পণ্য বিক্রি করতে দেওয়া হয়নি। দুপুর সাড়ে ১২টার পর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে মিছিলও হয়েছে।
মানববন্ধন পালনকালে ব্যবসায়ী ঐক্য ফোরাম এবং পুরান ঢাকার বিভিন্ন পণ্য ও বাজারভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন। ফোরামের সভাপতি আবদুস সালাম সরকারের উদ্দেশে বলেন, ‘এখনকার তুলনায় প্যাকেজ মূসকের পরিমাণ বাড়িয়ে দিন। তাতে আমরা রাজি আছি। কিন্তু ১৫ শতাংশ হারে মূসক দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এ হারে মূসক আদায় হলে ব্যবসা বন্ধ করে দিতে হবে।’
ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, ‘বাজেট ঘোষণার দিন ঘনিয়ে আসছে। কিন্তু অর্থমন্ত্রী আমাদের কোনো আশ্বাস দিচ্ছেন না। আশ্বাস পেলেই আমরা ঘরে ফিরে যাব।’
আবু মোতালেব দাবি করেন, মূসক আইন বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও গ্যাসের বিল বাবদ ব্যয় এবং রড, ভোজ্যতেল, চিনিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়বে। সম্পূরক শুল্ক উঠে গিয়ে বিদেশি পণ্য আমদানি বাড়বে। তিনি বলেন, দেশীয় শিল্প ধ্বংস করার জন্য এই আইন করা হচ্ছে।
চকবাজারের মানববন্ধনে বাংলাদেশ মনিহারি বণিক সমিতি, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল প্রস্তুতকারক মালিক ও বণিক সমিতি, বাংলাদেশ টয় মার্চেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, চকবাজার বণিক সমিতি, বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স, এক্সপোর্টার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, চকবাজার-মৌলভীবাজার প্রসাধনী ব্যবসায়ী সমিতি, চকবাজার ব্যাগ প্রস্তুতকারক মালিক সমিতি, উর্দু রোড অভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ী সমিতি, চকবাজার পাবলিক টয়লেট মার্চেন্ট মালিক সমিতিসহ কয়েকটি ব্যবসায়ী সংগঠন ব্যানার নিয়ে প্যাকেজ ভ্যাটের দাবিতে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ ব্যবসায়ীরাও প্যাকেজ মূসকের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। তাঁদের একজন চকবাজারের এম এ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোসলেহ উদ্দিন বলেন, ‘আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা ততটা শিক্ষিত নয় যে তারা আধুনিক ব্যবস্থায় হিসাব-নিকাশ রাখতে পারবে। ফলে আমাদের মতো ছোট-মাঝারি ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে হলে জন্য প্যাকেজ মূসক রাখতে হবে।’
কাচের চুড়ির পাইকারি ব্যবসায়ী হুমায়ুন কবিরও মানববন্ধনে অংশ নেন। তিনি বলেন, প্যাকেজ মূসক না রাখলে দোকানপাট সব বন্ধ করে রাস্তায় বসা ছাড়া কোনো উপায় থাকবে না।
বর্তমান প্যাকেজ মূসক ব্যবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মূসক হিসেবে দিয়ে থাকেন। ঢাকায় তা সর্বনিম্ন ১৪ হাজার টাকা। নতুন আইনে আমদানি/উৎপাদন, সরবরাহ ও খুচরা বিক্রি পর্যায়ে অভিন্ন ১৫ শতাংশ হারে মূসকের কথা বলা হয়েছে।
ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, কিশোরগঞ্জ, বরিশাল, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, জামালপুর, ময়মনসিংহ, পিরোজপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় এ কর্মসূচি পালিত হয়েছে বলে জানায় ফোরাম।