১ জানুয়ারি থেকে পুরোনো ভ্যাট নিবন্ধন চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩১ ডিসেম্বরের পর পুরোনো ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) আর চলবে না। এর আগেই ইলেকট্রনিক বিআইএন বা ইবিআইএন নিতে হবে। আর পুরোনো ভ্যাট আইনের আওতায় ইতিমধ্যে ইবিআইএন নেওয়া প্রতিষ্ঠানগুলো ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি দিয়েছে।

১ জুলাই থেকে নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন চালু হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের আপত্তিতে সরকার তা দুই বছর পিছিয়ে দেয়। আর নতুন ভ্যাট আইন বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে অনলাইন ভ্যাট ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় এনবিআর। এ জন্য ভ্যাট অনলাইন প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় অনলাইনে ভ্যাট রিটার্ন, কর পরিশোধসহ যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে ইবিআইএন দেওয়া শুরু হয়। কিন্তু নতুন আইন বাস্তবায়ন না হওয়ায় ইবিআইএন নেওয়া প্রতিষ্ঠানগুলো কীভাবে ভ্যাট রিটার্ন দেবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়।

এনবিআর পুরোনো আইনের আওতায় অনলাইন ব্যবস্থা অব্যাহত রাখতে চায়। ১৯৯১ সালের আইনের বিধি-৯-এ বলা আছে, ‘বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনলাইনে নিবন্ধনের আবেদন পেশ করা যাইবে।’ এ বিধির আওতায় অনলাইন ভ্যাট নিবন্ধন কার্যক্রম চলবে।

এখন গণবিজ্ঞপ্তি দিয়ে এনবিআর জানিয়েছে, ১৯৯১ সালের ভ্যাট আইনের ১৫(২) ধারা অনুযায়ী যেসব প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত হয়েছে—ওই প্রতিষ্ঠান এখন কেন্দ্রীয়ভাবে ইবিআইএন নিয়ে সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে একাধিক ইউনিটের মাধ্যমে একাধিক বিআইএন নিয়ে যেসব প্রতিষ্ঠান ব্যবসায় পরিচালনা করছে। ওই প্রতিষ্ঠান এখন প্রতিটি ইউনিটের জন্য পৃথক ইবিআইএন নিয়ে ব্যবসা চালাবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠান আগে একাধিক ইউনিটের জন্য পৃথক বিআইএন দিয়ে ভ্যাট দিত এবং এখন কেন্দ্রীয়ভাবে ইবিআইএন নিয়েছে, এসব প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে নেওয়া বিআইএন কার্যকারিতা স্থগিত হয়ে যাবে। ওই প্রতিষ্ঠানকে আগের মতো প্রতিটি ইউনিটের জন্য আলাদা ইবিআইএন নিতে হবে।

এই বিষয়ে ভ্যাট অনলাইন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মুহম্মদ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, পুরোনো আইনের আওতায় অনলাইনে ভ্যাট রিটার্ন জমা ও কর পরিশোধের সুযোগ আছে। করদাতারা যাতে সহজে ভ্যাট রিটার্ন জমা ও কর দিতে পারেন, সে জন্য অনলাইন ব্যবস্থা অব্যাহত রাখা হচ্ছে।

এনবিআরের গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সনাতনী ভ্যাট ব্যবস্থায় প্রায় সাড়ে আট লাখ প্রতিষ্ঠানকে বিআইএন দেওয়া হয়েছিল। কিন্তু প্রতি মাসে মাত্র গড়ে ৩৭ হাজার করদাতা নিয়মিত রিটার্ন দাখিল করেন। ফলে অনেক অস্তিত্বহীন নিবন্ধিত প্রতিষ্ঠান যেমন আছে, তেমনি ব্যবসায়িক কার্যক্রম থাকলেও নিয়মিত রিটার্ন দেয় না অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান করজালের বাইরেই থাকছে।

এনবিআর সূত্রে জানা গেছে, ২৬ জুলাই পর্যন্ত ৪৩ হাজার ৭২টি প্রতিষ্ঠান ইবিআইএন নিয়েছে। গত বছর ৩৬ হাজার ৫৫৮টি প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন জমা দিয়েছে।