১ জিবিপিএস গতির ইন্টারনেট আনল র্যাংকসটেল
এক জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) গতির ইন্টারনেট ডেটা সেবা নিয়ে নতুনভাবে বাজারে এসেছে বেসরকারি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান র্যাংকসটেল।
ঢাকার একটি হোটেলে গতকাল রোববার এক অনুষ্ঠানে নতুন এ ডেটা সেবা চালু করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির পরিবর্তিত লোগোও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
অনুষ্ঠানে জানানো হয়, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে দ্রুতগতির এ ইন্টারনেট সেবা দেওয়া হবে। একই সঙ্গে থাকছে র্যাংকসটেলের পিএসটিএন (পাবলিক সুইচড ট্রান্সমিশন নেটওয়ার্ক) সংযোগের মাধ্যমে ভয়েস কল করার সুযোগও।
প্রাথমিকভাবে করপোরেট গ্রাহকদের জন্য চালু হলেও আগামী দু-তিন মাসের মধ্যে এটি সাধারণ গ্রাহকের জন্য উন্মুক্ত করা হবে।
তারানা হালিম বলেন, ‘অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে র্যাংকসটেলের দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রতিযোগিতামূলক বাজারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি। ডেটার ব্যবহার বাড়াতে সেবাটি করপোরেটদের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যাপকভাবে প্রসারিত করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, দেশীয় উদ্যোক্তাদের মানসম্মত যেকোনো সেবা দেওয়ার ক্ষেত্রে তাঁর প্রতিষ্ঠান সর্বোচ্চ সহায়তা দেবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, র্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রমো রউফ চৌধুরী, র্যাংকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশেকুর রহমান প্রমুখ।