১ জুলাই থেকে খাদ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেবে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ জুলাই থেকে খাদ্যশস্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে রাশিয়া। দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।এর ফলে একসময়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া আবারও আন্তর্জাতিক খাদ্যশস্যের বাজারে ফিরে আসবে। এতে বাংলাদেশের মতো দেশ আবার রাশিয়া থেকে খাদ্য আমদানি করার সুযোগ পাবে।পুতিন বলেছেন, রাশিয়া এই বছর বেশ ভালো ফলন পাওয়ার আশা করছে। গত বছরের চেয়ে এবারের আবাদ বেশি হয়েছে। এ জন্য ১ জুলাই থেকে খাদ্যশস্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।প্রধানমন্ত্রী পুতিন বলেন, প্রথম উপ-প্রধানমন্ত্রী ভিক্টর জুবকোভ কৃষি নীতিমালার বিষয়টি তত্ত্বাবধান করছেন। জুবকোভকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার জন্য দেশীয় কৃষকেরা যাতে সঠিক সহায়তা পান, তা নিশ্চিত করা উচিত। এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ অনাবৃষ্টি ও খরায় রাশিয়ার খাদ্যশস্য উৎপাদনে ব্যাপক ধস নামলে দেশটির সর্বোচ্চ ক্ষমতাশীল নেতা পুতিন গত বছরের ৫ আগস্ট খাদ্যশস্য ও কৃষিপণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন। রাশিয়ায় ২০০৮ সালে ১০ কোটি ৮০ লাখ টন এবং ২০০৯ সালে নয় কোটি ৭০ লাখ টন খাদ্যশস্য উৎপাদিত হয়। কিন্তু ২০১০ সালে তা ছয় কোটি ১০ লাখ টনে নেমে আসে। রাশিয়া আশা করছে, এ বছর আট কোটি ৫০ লাখ থেকে নয় কোটি টন খাদ্যশস্যের উৎপাদন হবে।