পুঁজিবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ ও নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে বিশেষ কোটা সংরক্ষণের সুপারিশ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে সুদ মওকুফ ও কোটা সংরক্ষণের সিদ্ধান্তটি কার্যকর করা হবে। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুদ মওকুফের বিষয়টি পরিপালনের জন্য ঋণদাতা মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।এর আগে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা বা স্কিম ঘোষণা করেছে সরকার। ঘোষিত প্রণোদনার আওতায় এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ ও শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়। তাতে আরও বলা হয়, শেয়ারবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা নিজস্ব অর্থ বিনিয়োগ করে তার বিপরীতে যাঁরা ঋণসুবিধা নিয়েছেন, কেবল তাঁরাই সুদ মওকুফের সুবিধা পাবেন। আর ঋণগ্রস্ত বা ঋণ ছাড়া উভয় ধরনের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী দুই বছর আইপিওতে কোটা সুবিধা পাবেন। আগামী জুলাই থেকে এসইসি আইপিওতে কোটা সংরক্ষণের উদ্যোগ নিলে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত তা বহাল থাকবে।শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত বছরের নভেম্বরে এসইসি-ঘোষিত প্রণোদনা প্যাকেজেও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে বিশেষ স্কিম ঘোষণার কথা বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২৭ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানকে প্রধান করে বিশেষ স্কিম প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটি গত ২২ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন দাখিল করে। এ ছাড়া গতকালের কমিশন সভায় ১০ কোটি টাকার একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড অনুমোদন করা হয়েছে। ফান্ডটির নাম অ্যালায়েন্স এসঅ্যান্ডপি শরিয়াহ ইনডেক্স ফান্ড। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। একই সভায় প্রান্তিক বা মার্জিন ঋণসংক্রান্ত সুপারিশ পর্যালোচনায় এসইসির নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সুপারিশের ভিত্তিতে প্রান্তিক ঋণসংক্রান্ত বিষয় পর্যালোচনা করবে।