২০১১ সালের ১ জুলাইয়ের আগে কেনা পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলনের সময় উৎসে কোনো ধরনের কর কর্তন করা হবে না। কেননা, গত অর্থবছরের শেষের দিন (৩০ জুন, ২০১১) পর্যন্ত পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্য মুনাফা ছিল করমুক্ত। অন্য সঞ্চয়পত্রগুলোর মুনাফায় ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান ছিল।তবে চলতি ২০১১-১২ অর্থবছরে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফা থেকে পাঁচ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেটে এই করারোপের ঘোষণা দেন। করের নতুন হার ২০১১ সালের ১ জুলাই থেকে প্রযোজ্য হয়।কিন্তু দেশের বিভিন্ন স্থানে জাতীয় সঞ্চয়পত্র পরিদপ্তরের ব্যুরোগুলোয় পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রের গ্রাহকেরা হয়রানির মুখে পড়েন। বাজেট ঘোষণার পর থেকে যাঁরা নিয়মিত মুনাফা উত্তোলন করতে গিয়েছেন, তাঁদের অনেকের কাছ থেকেই পাঁচ শতাংশ হারে কর কর্তন করেছে বিভিন্ন ব্যুরো অফিস। এ নিয়ে গ্রাহকদের সঙ্গে ব্যুরোর কর্মকর্তাদের বিতর্ক-বিবাদ হয়। অনেক গ্রাহক প্রথম আলোর কার্যালয়ে টেলিফোন করে তাঁদের এই হয়রানির কথা জানান।গ্রাহকেরা জানান, সরকারি নির্দেশের কথা বলে এই কর কর্তন করা হলেও অফিস থেকে কোনো লিখিত নির্দেশনা গ্রাহকদের দেখানো হয়নি বা সংশ্লিষ্ট কর্মকর্তারা তা দেখাতে পারেননি।গ্রাহকদের হয়রানি বন্ধসহ বিষয়টি স্পষ্ট করতে গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই ১ জুলাইয়ের আগে ক্রয়কৃত পেনশনার ও পরিবার সঞ্চয়পত্রের মুনাফার বিপরীতে কোনো ধরনের কর কর্তন না করার নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থসচিব মোহাম্মদ তারেক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক মাহমুদা আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।তবে ১ জুলাইয়ের আগে যাঁরা বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র কিনেছেন, তাঁরা আগের বা ওই সময়ের বিদ্যমান হারেই মুনাফা পাবেন। ১ জুলাই থেকে আরোপিত নতুন নতুন মুনাফা বা সুদের হার তাঁদের জন্য প্রযোজ্য হবে না।যেমন বিদায়ী অর্থবছরে যাঁরা এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনছেন, তাঁরা প্রতি মাসে মুনাফা পাবেন ৯২০ টাকা। কোনো উৎসে কর কর্তন করা হবে না। তবে এ বছর মুনাফার হার বাড়ানোয় যাঁরা এখন এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনেছেন, তাঁরা পাঁচ শতাংশ হারে উৎসে কর কর্তনের পরও প্রতি মাসে সামাজিক নিরাপত্তা প্রিমিয়ামসহ মুনাফা পাবেন ৯৬০ টাকা।