১ লাখ টাকার কমে ক্রেতাকে মোটরসাইকেল দিতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে মোটরসাইকেলের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড বাজাজ। ভারতীয় এ ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশে বিপণনকারী একমাত্র প্রতিষ্ঠান উত্তরা মোটরস। চলতি বছর থেকে দেশেই বাজাজের মোটরসাইকেল তৈরি করতে কারখানা করেছে প্রতিষ্ঠানটি। দেশে মোটরসাইকেলের বাজার, সমস্যা-সম্ভাবনা, আমদানি শুল্ক, উৎপাদন নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। সাক্ষাৎকার নিয়েছেন আশরাফুল ইসলাম
মতিউর রহমান
মতিউর রহমান

প্রথম আলো: মোটরসাইকেল বাজারের বর্তমান অবস্থা কেমন?

মতিউর রহমান: বাজার এখন বেশ ভালো। সরকার চলতি অর্থবছরে মোটরসাইকেল আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে ২০ শতাংশ করেছে। এতে প্রতিটি মোটরসাইকেলের দাম ২০ থেকে ২২ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে। দাম কমে আসায় মোটরসাইকেলের বিক্রিও আগের চেয়ে বেড়েছে।

প্রথম আলো: বাজাজসহ আরও কয়েকটি ব্র্যান্ডের দেশেই মোটরসাইকেল তৈরি করে বিক্রির কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে অগ্রগতি কী?

মতিউর রহমান: দেশে মোটরসাইকেল উৎপাদন উৎসাহিত করতেই সরকার মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানির শুল্ক কমিয়েছে। বাজাজ ছাড়াও টিভিএস, হোন্ডা ও হিরো দেশেই কারখানা করার প্রস্তুতি নিচ্ছে। প্রথমে দু-তিনটা মডেল দিয়ে আমরা উৎপাদন শুরু করব, এর সঙ্গে অন্যান্য মডেল সিকেডিতে এনে সংযোজন করব। আগামী পাঁচ বছরের মধ্যে সব মডেল আমরা উৎপাদনে যাব।

প্রথম আলো: এ বছরের মধ্যে দেশে বাজাজের মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্যের কথা বলেছিলেন। আপনাদের প্রস্তুতি কোন পর্যায়ে আছে?

মতিউর রহমান: গাজীপুরে কারখানা চালুর বেশির ভাগ কাজ আমরা শেষ করে এনেছি। এখন বিভিন্ন ভারী যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। সব মিলিয়ে কারখানা করতে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই কারখানা করতে সম্পূর্ণ দেশীয় উৎস থেকে বিনিয়োগ করা হচ্ছে। যেভাবে সব কাজ এগোচ্ছে, তাতে এ বছরের মধ্যে মোটরসাইকেল উৎপাদন শুরু করা যাবে বলে আশা করছি। আগামী তিন বছরের মধ্যে এই কারখানা থেকে আড়াই থেকে তিন লাখ মোটরসাইকেল উৎপাদনের পরিকল্পনা আছে।

প্রথম আলো: ভারত, পাকিস্তানসহ এশিয়ার অনেক দেশেই স্থানীয় মোটরসাইকেল শিল্প অনেক উন্নত। বাংলাদেশে এ ক্ষেত্রে কেন পিছিয়ে আছে?

মতিউর রহমান: মোটরসাইকেল শিল্প করতে হলে বিভিন্ন সহযোগী শিল্পকে আগে উন্নত করতে হবে। একটি মোটরসাইকেলের সবকিছু একা কোনো উৎপাদকের পক্ষে তৈরি করা সম্ভব নয়। একটি মোটরসাইকেল তৈরিতে ইঞ্জিন থেকে শুরু করে চেইন, সিটকভার, যন্ত্রাংশের মতো অনেক উপাদানের প্রয়োজন পড়ে। এগুলো তৈরি করে ভেন্ডর বা সহযোগী উৎপাদনকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে ভেন্ডর তৈরির কাজটি এত দিন হয়নি। নতুন নীতিমালায় এ বিষয়ে গুরুত্ব দেওয়া হলে দেশে মোটরসাইকেল শিল্প গড়ে তোলা সম্ভব।

প্রথম আলো: সহযোগী শিল্প উন্নয়নে আপনারা কী পরিকল্পনা করছেন?

মতিউর রহমান: ইতিমধ্যে মোটরসাইকেলের প্লাস্টিক বডি, যন্ত্রাংশ দেশে উৎপাদন করতে আগ্রহী একাধিক ভেন্ডর আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা এখন সরকারের নীতিমালা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছি।

প্রথম আলো: ক্রেতাদের অভিযোগ, দেশে মোটরসাইকেলের দাম বেশি। মোটরসাইকেলের দাম কমাতে হলে কী করা যেতে পারে?

মতিউর রহমান: আমাদের লক্ষ্য হলো মোটরসাইকেলের দাম এক লাখ টাকার নিচে নামিয়ে আনা। আগামী কয়েক বছরে মোটরসাইকেলের বার্ষিক বাজার পাঁচ লাখে উন্নীত করা সম্ভব, যদি দাম কমানো যায়। উৎপাদন বা আমদানি—যেটিই করা হোক না কেন, মূল বিষয় হলো আমদানি শুল্ক। দাম কমানোর জন্য মোটরসাইকেলের যন্ত্রাংশ ও কাঁচামালের আমদানি শুল্ক কমাতে হবে। সিকেডি (খোলা অবস্থায়) হিসেবে মোটরসাইকেল আমদানিতে সব মিলিয়ে এখন ৮৯ শতাংশ কর দিতে হয়, এটি আগে ছিল ১২৭ শতাংশ। আমদানি শুল্ক কমিয়ে যদি গড়ে ১০ শতাংশ করা হয়, তাহলে একেকটা মোটরসাইকেলের দাম ৫০ হাজার টাকা পর্যন্ত কমানো সম্ভব। শুল্ক কমানোর পর সরকার এখন আগের চেয়ে বেশি রাজস্ব পাচ্ছে। দেশে শিল্পায়ন করতে হলে সরকারকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে হবে। কিন্তু সরকার যদি আমদানি শুল্ক বাড়িয়ে ব্যবসা করার চিন্তা করে, তাহলে নতুন কোনো শিল্প গড়ে উঠবে না।

প্রথম আলো: বাজাজ, হোন্ডা, হিরো, টিভিএস—এই চার কোম্পানি যদি দেশে মোটরসাইকেল উৎপাদন শুরু করে, তাহলে সেটি কি বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো হবে?

মতিউর রহমান: সাধারণ মানুষের চলাচলের জন্য মোটরসাইকেলের বাইরে আর তেমন কোনো বাহন নেই। এই কোম্পানিগুলো বাংলাদেশে উৎপাদন শুরু করলে দেশে যন্ত্রাংশ তৈরির একটি বড় শিল্প গড়ে উঠবে। মোটরসাইকেল তৈরির জন্য দেশে প্রযুক্তি স্থানান্তর হবে। নতুন কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরি হবে। এই শিল্পের কারণে নতুন বিদেশি বিনিয়োগ আসবে। এখন তৈরি মোটরসাইকেল ও যন্ত্রাংশ বিদেশ থেকে বেশি দামে আনা হচ্ছে। দেশে এসব তৈরি হলে তা বড় ধরনের বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে। একটি সহযোগিতা পেলে মোটরসাইকেল হতে পারে বাংলাদেশের পরবর্তী বড় শিল্প।

প্রথম আলো: মোটরসাইকেল শিল্প নিয়ে সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কী?

মতিউর রহমান: পুরোদমে মোটরসাইকেল উৎপাদনে যেতে আমরা কিছু শর্ত দিয়েছি। এর মধ্যে সম্পূরক শুল্ক কমিয়ে শূন্য করতে হবে, কাঁচামাল আমদানিতে ১ শতাংশ হারে শুল্ক নিতে হবে, আর যেসব পণ্য অর্ধপ্রস্তুত অবস্থায় আমদানি করা হবে, সেগুলোর আমদানি শুল্ক ৫ থেকে ১০ শতাংশ করতে হবে। মোটরসাইকেল উৎপাদনে যে নীতিমালা এখন করা হচ্ছে, সেটি কমপক্ষে ১০ বছর রাখতে হবে, প্রতিবছর পরিবর্তন করা যাবে না। পরিবর্তন যদি করতে হয়, তাহলে আমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা করতে হবে। গত জুলাইয়ে যখন শুল্ক কমানোর প্রজ্ঞাপন জারি করা হয়, তখন সেখানে বলা ছিল, আগামী দুই বছরের মধ্যে উৎপাদনে যেতে না পারলে ছাড় হিসেবে পাওয়া শুল্কের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ দিতে হবে। আমরা সেটা মানিনি। পরে শিল্প মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে একাধিক বৈঠকে আগের প্রজ্ঞাপন পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হয়। এ বিষয়ে সরকারের ইতিবাচক ভূমিকা আমরা প্রত্যাশা করছি।