১ লিটার পেট্রলে ২৫ টাকা মুনাফা বিপিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বেশ লাভবান হচ্ছে। খুচরা পর্যায়ে বিক্রির পর প্রতি লিটার পেট্রলে ২৫ টাকা, অকটেনে ২০ টাকা, ডিজেল ও কেরোসিনে ১৭ টাকা করে লাভ করছে বিপিসি। আন্তর্জাতিক বাজারে দাম কমার সুফল কিছুটা পাচ্ছে জনগণ।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) দুই দিনের গবেষণা সম্মেলনের প্রথম দিনে গতকাল বুধবার দুপুরের অধিবেশনে ‘জ্বালানি আমদানিতে বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক গবেষণাপত্রে এ কথা বলা হয়েছে। বিআইডিএসের গবেষক নাজনীন আহমেদ এ গবেষণাপত্রটি উপস্থাপন করেন। গুলশানের লেকশোর হোটেলে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।
গবেষণাপত্রে বলা হয়, বাংলাদেশে চাহিদার ৯৫ শতাংশ জ্বালানিই আমদানি করা হয়। এত মুনাফার পরও এখনো বিপিসির কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া পাওনার পরিমাণ ১ হাজার ৩১০ কোটি টাকা। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) থেকে অর্থসহায়তাও পায় বাংলাদেশ। বাংলাদেশ হলো আইটিএফসির সবচেয়ে বড় ঋণগ্রহীতা।
২০০৮ সাল থেকে এ পর্যন্ত বছরওয়ারি হিসাবে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ২০১৩ সালে। ওই বছর ২৫০ কোটি ডলার ঋণ নেওয়া হয়। আইটিএফসির কাছ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সব মিলিয়ে ১ হাজার কোটি ডলারের বেশি ঋণ নিয়েছে। বাংলাদেশের জ্বালানি বাবদ আমদানি খরচের ৩৬ শতাংশই পরিশোধ করা হয় আইএফটিসির অর্থে।
দুপুরের এ অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ তামিম। এ অধিবেশনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা নিয়ে বিআইডিএসের গবেষক মনজুর হোসেন ও মোহাম্মদ ইউনূসের একটি গবেষণাপত্রও উপস্থাপন করা হয়।
যৌথ ওই গবেষণাপত্রে বলা হয়, বর্তমানে প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার পরিবার সৌরবিদ্যুৎ সংযোগ নেয়। এখন সারা দেশে ৩৪ লাখ ১ হাজার বাড়িতে সৌরবিদ্যুৎ রয়েছে। এর ফলে গ্রাম এলাকার আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। যেমন শিক্ষার্থীদের পাঠের সময় বেড়েছে, নারীর ক্ষমতায়ন হচ্ছে ও গ্রামে উদ্যোক্তা তৈরি হচ্ছে। গবেষণায় আরও বলা হয়, সৌরবিদ্যুৎ সংযোজনে সরকার ভর্তুকি দিয়ে থাকে। তবে এ ভর্তুকি এমনভাবে দেওয়া উচিত, যাতে এর সুফল আর্থসামাজিক খাতে পড়ে।
সম্মেলনের শেষ দিনে আজ বৃহস্পতিবার কৃষি, রপ্তানি, নারীর স্বাস্থ্যসেবা ও পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশ—এ চারটি বিষয়ে আলাদা অধিবেশন অনুষ্ঠিত হবে।