১ শতাংশ সুদ ১০ শতাংশ হলো কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কারখানাগুলোর কাঠামোগত সংস্কারের জন্য ‘রেমিডিয়েশন ফাইন্যান্স’ নামের প্রকল্পে বিশ্বব্যাংক ও কয়েকটি দাতা সংস্থার সহজ সুদে (শূন্য দশমিক শূন্য ১ থেকে ১ শতাংশ হারে) ঋণ দিচ্ছে। ব্যবসায়ীদের কাছে ওই প্রকল্প থেকে টাকা ছাড়ের সময় অতিরিক্ত সুদ নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে উন্নয়ন সহযোগীরা।
গতকাল বৃহস্পতিবার বাণিজ্যসচিব হেদায়েত আল মামুনের সভাপতিত্বে তাঁর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে উন্নয়ন সহযোগীরা এ ব্যাপারে তাঁদের অসন্তোষের কথা জানিয়েছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ওই বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশের শ্রম ও পররাষ্ট্রসচিব, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্য ও কানাডার হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গতকালের বৈঠকে দাতাদের দেওয়া আর্থিক সহযোগিতার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ট্রেড ইউনিয়নসহ শ্রমিক অধিকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়। এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, গত বছর প্রায় তিন শর মতো ট্রেড ইউনিয়নের নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। দুই বছর আগে ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাড়তে শুরু করেছিল। গত বছর নিবন্ধনের ওই হার কমতে শুরু করেছে।
বিদেশি কূটনীতিকেরা বৈঠকে বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের আন্তর্জাতিক সক্ষমতা অর্জনের জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। কিন্তু এ ঋণে সুদের হার কেন এত বেশি রাখা হচ্ছে, সেটি তাঁদের কাছে বোধগম্য নয়। সাধারণ বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এ তহবিলকে দেখা হলে এর মূল উদ্দেশ্য ব্যাহত হবে। তাই এ তহবিল থেকে সহজ শর্তে ঋণ দেওয়া নিশ্চিত করাটা অপরিহার্য।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাইকা এ তহবিলে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ সুদে পোশাক কারখানাগুলোর জন্য ঋণ দিচ্ছে। সেই ঋণ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে ৪ শতাংশ হারে হস্তান্তর করার পরে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৫ শতাংশ হারে সরবরাহ করছে। আর বাণিজ্যিক ব্যাংকগুলো কারখানার মালিকদের ৯ থেকে ১০ শতাংশ হারে ঋণ দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় ২০০ মিলিয়ন ডলারের ওই তহবিলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ৫০ মিলিয়ন, ইউএসএআইডি ২২ মিলিয়ন ও জাইকা ১৩ মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপের এএফডি নামক একটি সংস্থা আগামী জুনের মধ্যে ৫০ মিলিয়ন ইউরো এতে দেবে।
জানতে চাইলে একজন সরকারি কর্মকর্তা জানান, বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠানামার জন্য অর্থ মন্ত্রণালয় ৪ শতাংশ হারে বাংলাদেশ ব্যাংককে তহবিল দিয়ে থাকে। আর কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক লেনদেনের হার এখন ৫ শতাংশ, সেই হারে অন্য ব্যাংকগুলোকে ঋণ দেয় এবং ব্যাংকগুলো তাদের গ্রাহকদের সঙ্গে আলোচনা করে সুদের হার ঠিক করে। ব্যাংক-গ্রহীতা সম্পর্কের ভিত্তিতে এ চূড়ান্ত ঋণের সুদের হার ১০ বা ১৫ শতাংশ হতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে কোনো নাক গলায় না।
২০১৩ সালে রানা প্লাজা ধসের পর সরকার, কারখানার মালিক, বিদেশি ক্রেতা এবং উন্নয়ন সহযোগীরা মিলে কারখানাগুলোকে নিরাপদ কর্মস্থল ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেয়। এ উদ্যোগের অংশ হিসেবে উন্নয়ন সহযোগীরা সহজ শর্তে ঋণ দিচ্ছে।