১ শতাংশের বেশি সালফারযুক্ত কয়লাও আমদানি করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লা আমদানির শর্ত আগামী এক বছরের জন্য কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিদ্যমান আমদানিনীতি আদেশ (২০০৯-১২) অনুযায়ী এক শতাংশের বেশি সালফার রয়েছে—এমন কয়লা আমদানি করা যায় না। কিন্তু গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের এক সভায় এই শর্ত পরিবর্তন করা হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এক শতাংশের বেশি সালফারযুক্ত কয়লাও আমদানি করা যাবে। তবে সুযোগটি বহাল থাকবে ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত। এ জন্য আমদানিনীতি আদেশের ২৫ অনুচ্ছেদের ৩৩ উপ-অনুচ্ছেদটি শিগগির গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করা হবে।প্রসঙ্গত, এক শতাংশের বেশি সালফারযুক্ত কয়লাকে পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনা করা হয়। বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব আহমেদ উল্লাহ, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহান, এফবিসিসিআইয়ের সাবেক উপদেষ্টা মনজুর আহমেদ, সিলেট কয়লা আমদানিকারক সমিতির সভাপতি এমদাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।জানা গেছে, কয়লা আমদানির প্রধান উৎস পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য। মেঘালয়ের কয়লা এক শতাংশের বেশি সালফারযুক্ত। ইন্দোনেশিয়া ও চীন উন্নতমানের কয়লা রপ্তানিকারক। কিন্তু এ কয়লার আমদানিমূল্য বেশি বলে বাংলাদেশি আমদানিকারকেরা ভারতের মেঘালয় থেকেই বেশি কয়লা আমদানি করে থাকেন।আমদানি করা কয়লা ইটভাটা, চা-বাগান, স্টিল মিলস ও ছোট ছোট মিল-কারখানায় ব্যবহার করা হয়।