১: ১ রাইট দেবে রিপাবলিক ইনস্যুরেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইনস্যুরেন্স শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি সাড়ে ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। পাশাপাশি ১: ১ রাইট শেয়ার ঘোষণা করেছে এই প্রতিষ্ঠান। রিপাবলিক ইনস্যুরেন্সের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩১ মার্চ।

এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে রিপাবলিক ইনস্যুরেন্সের মুনাফা ও শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ছয় কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে দুই কোটি টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল চার কোটি টাকা। অন্যদিকে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে দুই টাকা ৭৬ পয়সা, যা আগের বছরের চেয়ে ৩৬ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল দুই টাকা ৪০ পয়সা।