১,১৬৩ পোশাক কারখানা বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশান এলাকার আল-হামরা গার্মেন্টসটি পাঁচ বছর ধরে বন্ধ। কারখানা ভবনে ফাটল দেখা দেওয়ায় বিদেশি ক্রেতাদের নির্দেশে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দিতে বাধ্য হয়। উৎপাদনে না থাকলেও কারখানাটি এখনো তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যপদ হালনাগাদ রেখেছে।
আল-হামরাসহ বিজিএমইএ সদস্যভুক্ত বন্ধ পোশাক কারখানার সংখ্যা এখন ১ হাজার ১৬৩। কারখানাগুলোর অবস্থান ঢাকা ও এর আশপাশের জেলায়। চলতি বছরের শুরুতে বিজিএমইএ পরিচালিত এক জরিপে বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া জরিপের তথ্য হচ্ছে, বিজিএমইএ থেকে ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) নিয়ে সরাসরি পোশাক রপ্তানি করে ১ হাজার ৬১৮ কারখানা। রপ্তানি করে না, তবে উৎপাদন চালু আছে, এমন পোশাক কারখানার সংখ্যা ৮৭২।
জানা যায়, বিজিএমইএর বর্তমান সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ২৯৬। এর মধ্যে বন্ধ ১ হাজার ১৬৩টি, অর্থাৎ ২৭ শতাংশ সদস্য কারখানা বর্তমানে উৎপাদনে নেই। তবে চট্টগ্রাম অঞ্চলের কারখানার জরিপ এখনো শেষ হয়নি। সেটি হলে বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়বে।
বিজিএমইএর জরিপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অনেক সদস্য পোশাক কারখানার নির্দিষ্ট ঠিকানায় গিয়ে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আবার অনেক কারখানার উৎপাদন বন্ধ আছে। আবার কিছু কারখানা স্থানান্তরিত হয়েছে।
জরিপের তথ্য অনুযায়ী, সাধারণ সদস্যদের পাশাপাশি বিজিএমইএর বর্তমান ও সাবেক নেতাদের প্রতিষ্ঠানও বন্ধ কারখানার তালিকায় রয়েছে। বিজিএমইএর বর্তমান সহসভাপতি ফেরদৌস পারভেজ দুটি ও মাহমুদ হাসান খানের একটি, সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুসের দুটি ও আব্দুস সালাম মুর্শেদীর একটি এবং সাবেক সহসভাপতি রিয়াজ-বিন-মাহমুদের চারটি কারখানা বন্ধের তালিকায় রয়েছে।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমার কারখানাটি অনেক আগেই স্থানান্তর করেছি। তবে হালনাগাদ তথ্য সংগঠনের কাছে না থাকায় সেটি বন্ধ কারখানার তালিকায় চলে এসেছে।’ তাহলে জরিপের তথ্য কতটুকু সত্য—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৮৫ শতাংশ সঠিক আছে। বাকি ১৫ শতাংশ কারখানার তথ্য নিয়ে আমাদের কিছুটা সন্দেহ আছে।’
বিজিএমইএর বন্ধ কারখানার তালিকায় আছে উথা গ্রুপের তিনটি প্রতিষ্ঠান। সেগুলো হলো উথা অ্যাপারেল, উথা গার্মেন্টস ও উথা নিটওয়্যার। প্রতিষ্ঠান তিনটির ব্যবস্থাপনা পরিচালক রাজ্জাক সাত্তার গতকাল জানান, ধানমন্ডি এলাকা থেকে প্রায় দুই বছর আগে কারখানা তিনটি গাজীপুরে স্থানান্তর করা হয়েছে। তবে বন্ড লাইসেন্সের কিছু জটিলতার কারণে তিনি সদস্যপদ হালনাগাদ রেখেছেন।
বিজিএমইএর বর্তমান ও সাবেক কয়েকজন নেতা জানান, পোশাক রপ্তানিতে কোটাসুবিধা পেতে অনেক কারখানামালিকই ভুয়া কারখানা স্থাপন করে বিজিএমইএর সদস্যপদ নেন। ২০০৫ সালে কোটাব্যবস্থা উঠে যাওয়ার পর কারখানামালিকেরা সেই সদস্যপদ ভোটের রাজনীতির কারণে হালনাগাদ রাখেন। প্রতিটি কারখানার বিপরীতে একজন করে ভোটার হতে পারেন। যদিও গত বছর ভোট ছাড়াই সমঝোতার ভিত্তিতে বিজিএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে।
কোনো কারখানা টানা তিন বছর চাঁদা না দিলে বিজিএমইএ সদস্যপদ বাতিল করতে পারে সংগঠনের পরিচালনা পর্ষদ। কারখানার শ্রমিকভেদে চাঁদার পরিমাণ ৭ হাজার থেকে ২৫ হাজার টাকা। এ ছাড়া ট্রেড লাইসেন্স ও আয়কর রির্টানের হালনাগাদ কপি দিতে হয়।
ভোটের রাজনীতির জন্য সদস্যপদ টিকিয়ে রাখার বিষয়ে জানতে চাইলে সহসভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বন্ধ কারখানার একটি অংশের জন্য কথাটি ঠিক। তবে সবার ক্ষেত্রে সত্য নয়। আমাদের প্রত্যাশা, প্রকৃত বন্ধ কারখানার অন্তত ২০ শতাংশ আবার উৎপাদনে ফিরে আসবে।’
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গতকাল বলেন, ‘পোশাকশ্রমিকের তথ্যভান্ডার ঠিকঠাকভাবে করার জন্যই জরিপটি করেছি আমরা। এখন যারা উৎপাদনে আছে কিন্তু তথ্যভান্ডারে যুক্ত হয়নি, এমন কারখানাকে চাপ দিতে পারব।’ অস্তিত্বহীন কারখানার বিষয়ে তিনি বলেন, ‘ঈদের পর যাচাই-বাছাই করে অস্তিত্বহীন কারখানার সদস্যপদ বাতিল করব। আর যাদের উৎপাদন আপাতত বন্ধ, তবে ভবিষ্যতে চালু করবেন, তাদের আমরা সুযোগ দিতে পারি।’