১: ২ রাইট দেবে গোল্ডেন সন
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড ১: ২ রাইট শেয়ার (বিদ্যমান দুটি শেয়ারে একটি রাইট শেয়ার) ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গোল্ডেন সনের পরিচালনা পর্ষদ এই রাইট ঘোষণা করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ২০ টাকা অধিমূল্য (প্রিমিয়াম) নেওয়া হবে। রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থ প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যয় করবে। রাইট ইস্যুর বিষয়টি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারধারীদের এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর কার্যকর হবে।
আগামী ২১ জুন এ-সংক্রান্ত ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ২৭ মে। অন্যদিকে ঘোষিত রাইট শেয়ারের রেকর্ড ডেট বিএসইসির অনুমোদনের পর জানানো হবে।