১,৪০০ কোটি টাকা করের দাবি প্রত্যাহার চায় পাঁচ অপারেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চারটি খাতে দেশের পাঁচ বেসরকারি মুঠোফোন অপারেটরের কাছে কর বাবদ যে ১ হাজার ৪০০ কোটি টাকা দাবি করেছে, তা দিতে রাজি নয় কোম্পানিগুলো। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে উল্লেখ করে তারা এনবিআরের দাবি প্রত্যাহার চায়।
কর বিরোধ নিয়ে গতকাল বুধবার এনবিআরের সঙ্গে বৈঠক করেছে মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। বৈঠক সূত্রে জানা গেছে, অপারেটররা অযৌক্তিক বললেও এনবিআর দাবি ছাড়েনি। ফলে বিষয়টির কোনো সুরাহা হয়নি।
বৈঠকে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান সভাপতিত্ব করেন। এতে মুঠোফোন অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যে চারটি খাতে এনবিআর বাড়তি অর্থ দাবি করেছে সেগুলো হলো বাণিজ্যিক কাজে ভাড়া নেওয়া স্থানের শোধ করা অর্থ, অপারেটরদের দেওয়া বিভিন্ন সেবা, সিম কর-সংক্রান্ত মামলার বিপরীতে হওয়া সুদ ও নিরীক্ষা আপত্তির ওপর ধার্য করা মূসক।
এনবিআরের দাবি করা ১ হাজার ৪০০ কোটি টাকার করের মধ্যে গ্রামীণফোনের কাছে ৬৫০ কোটি, বাংলালিংক ও রবির কাছে ৩০০ কোটি করে এবং এয়ারটেলের কাছে ১৫০ কোটি টাকা চাওয়া হয়েছে।
গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল সম্প্রতি এনবিআরকে চিঠি দিয়েও বলেছে, কর বিরোধের বিষয়গুলো আদালতে বিচারাধীন আছে। তাই নতুন করে অর্থ দাবি করা যুক্তিসংগত নয়।
পাঁচ অপারেটরের প্রধান নির্বাহীদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ভাড়া নেওয়া বাণিজ্যিক স্থাপনার ওপর মূসক আদায়ের বিষয়টি মূসক আইনের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ আদেশের মাধ্যমে মুঠোফোন অপারেটরের জন্য বাণিজ্যিক স্থাপনা ভাড়ার ওপর মূসক দিতে বলা হলেও সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করে আদালতে মামলা করা হয়েছে। সেই মামলার চূড়ান্ত শুনানি এখনো বাকি। চিঠিতে আগস্ট ২০০৬ থেকে মার্চ ২০০৭ সময়ের সিম করের ওপর এনবিআরের মূসক চাওয়ার বিষয়ে বলা হয়েছে, এটিও বিচারাধীন আছে।