১,৫০০ কারখানায় দিন-রাত ব্যস্ত ৩৫ হাজার শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের দেওভোগের পাইকারি পোশাক প্রস্তুতকারক মার্কেটে পোশাক দেখছেন পাইকারি ক্রেতারা। ছবিটি গত সপ্তাহে তোলা l প্রথম আলো
নারায়ণগঞ্জের দেওভোগের পাইকারি পোশাক প্রস্তুতকারক মার্কেটে পোশাক দেখছেন পাইকারি ক্রেতারা। ছবিটি গত সপ্তাহে তোলা l প্রথম আলো

গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার পাইকারি পোশাক প্রস্তুতকারক মার্কেটের ব্যবসায়ীরা এবার নিত্যনতুন ডিজাইন বা নকশার পোশাক তৈরি ও বিক্রিতে মনোযোগ দিয়েছেন। এই মার্কেটের ৬০০ শোরুমের দেড় হাজার কারখানায় বর্তমানে ঈদের পোশাক তৈরির কাজে প্রায় ৩৫ হাজার শ্রমিক নির্ঘুম রাত কাটাচ্ছেন।
ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারি ক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এই মার্কেট। গত বছরের তুলনায় বিক্রিবাট্টা বেশ ভালো বলে জানান ব্যবসায়ী-উদ্যোক্তারা। এবারের ঈদে প্রায় ৪০০ কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান দেওভোগ পোশাক প্রস্তুতকারক মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল দেওয়ান। পরিবেশ-পরিস্থিতি ঠিক থাকলে এই লক্ষ্য অর্জন সম্ভব, দাবি তাঁর।
দেওভোগ এলাকার ভাষাসৈনিক মমতাজ বেগম সড়ক, আলী আহম্মদ চুনকা সড়ক ও আশপাশের এলাকায় অবস্থিত হাকিম মার্কেট, হাকিম সুপার মার্কেট, ভূঁইয়া মার্কেট, ভূঁইয়া সুপার মার্কেট, মোল্লা মার্কেট, সোহরাওয়ার্দী মার্কেট, ভাই ভাই মার্কেট, রহমত উল্লাহ মার্কেট, জামির মার্কেট নিয়ে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ এই পোশাক বাজার।
বাবুল দেওয়ান বলেন, এখানকার ব্যবসায়ী-উদ্যোক্তারা অনেক ফ্যাশন-সচেতন হয়েছেন। ফলে তাঁদের এখন আর আগের মতো ঢালাওভাবে ভারত ও চীনের তৈরি পোশাকের অনুকরণ করতে হয় না। তবে কিছু ক্ষেত্রে ভারতীয় পোশাকের অনুকরণ করা হয় বলে তিনি স্বীকার করেন।
যেসব নতুন পোশাক বা পোশাকের কাপড় ভালো চলছে সেগুলোর মধ্যে রয়েছে লাড্ডু ফ্রক, মিনাকী ফ্রক, কটি ফ্রক, বাজিরাও মাস্তানি থ্রি-পিস, সনামরে থ্রি-পিস, দিলওয়ালে থ্রি-পিস, ডব্লিউ ডিভাইডার, প্লাজু স্কার্ট, রিমিক্স লেহেঙ্গা ইত্যাদি।
আলাপকালে মালিক-শ্রমিকেরা জানান, বিদ্যুতের সমস্যার কারণে পোশাক তৈরির কাজে সমস্যা হচ্ছে। বিদ্যুৎ-পরিস্থিতি ভালো হলে পোশাক তৈরির পরিমাণ বাড়বে বলে মনে করেন তাঁরা।
বিক্রেতারা জানান, এই মার্কেট থেকে রাজধানী ঢাকার গাউছিয়া, নিউমার্কেট, চাঁদনী চক, মৌচাক, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ আধুনিক বিপণিবিতানগুলো পাইকারি দামে তৈরি পোশাক কিনে নেয়। এমনকি এ ধরনের তৈরি পোশাকের জন্য খ্যাত ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকেও পাইকারেরা এখানে আসেন। গাজীপুর, সাভার, মানিকগঞ্জসহ ঢাকার পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ীরাও এখানকার পোশাক নেন।
ঢাকার বাইরে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, বগুড়া, খুলনা, রংপুর, পঞ্চগড়সহ দেশের বহু অঞ্চল থেকে পাইকারি ক্রেতারা এই মার্কেটের পোশাক নিতে আসেন।
সম্প্রতি দেওভোগ পাইকারি পোশাক প্রস্তুতকারক মার্কেটে সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাগুলোতে যেমন শিশুসহ সব বয়সের নারী-পুরুষের পরিধেয় বাহারি সব ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে, তেমনি সেগুলো শোভা পাচ্ছে শোরুমগুলোতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারি ক্রেতারা এসব পোশাক কিনে নিচ্ছেন।
ইউনিক গার্মেন্টসের স্বত্বাধিকারী মঞ্জুরুল আলম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও পাইকারেরা আসছেন। বিক্রিও ভালো। তিনি জানান, গত বছরের অবিক্রীত অনেক পোশাক গুদামে পড়ে ছিল। সেগুলোর কিছু কিছু এখন নতুন পোশাকের পাশাপাশি বিক্রি হচ্ছে।
আল-আমিন ফ্যাশনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, এই বছরে বেশ কিছু নতুন পোশাক এসেছে। এসব পোশাকের দাম ৩০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। বিক্রি ভালো হচ্ছে।
রহমত উল্লাহ মার্কেটের তিশা ফ্যাশনের স্বত্বাধিকারী আবু সাঈদ জানান, তাঁর মতো অনেক ব্যবসায়ী গত বছর বড় লোকসান দিয়েছেন। সেই ক্ষতি এবার পুষিয়ে নিতে তাঁরা কিছু নতুন ডিজাইনের ও উন্নতমানের পোশাক নিয়ে আসছেন। তিনি বলেন, শবে বরাতের পর থেকেই পাইকারেরা পোশাক কিনতে আসছেন।
ব্যবসায়ী ও শ্রমিকেরা জানান, গত বছরে ব্যবসা মন্দা যাওয়ার কারণে মালিকদের যেমন লোকসান হয়েছে, তেমনি হাজার হাজার শ্রমিক ঈদ আনন্দ থেকে বঞ্চিত হন। এবার বাজার ভালো হওয়ায় সবাই উৎসাহ নিয়ে কাজ করে চলেছেন।