১,৫৩৪ কারখানার ৭৭ শতাংশের সংস্কারকাজ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্রেতাদের জোট অ্যাকর্ডের সদস্য ১ হাজার ৫৩৪টি তৈরি পোশাক কারখানার অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত ত্রুটির ৭৭ শতাংশ সংস্কারকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। চার শতাধিক কারখানার ৯০ শতাংশ ত্রুটি সংস্কারের কাজ শেষ হয়েছে। প্রাথমিক পরিদর্শনে পাওয়া সব ত্রুটি সংশোধনের কাজ সম্পন্ন করেছে ৬৫টি পোশাক কারখানায়। এ ছাড়া সব ধরনের সংস্কারকাজ শেষ করার সাফল্য অর্জন করেছে সাতটি কারখানা।

অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের চার বছর পূর্তি উপলক্ষে আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা পরিদর্শক রব ওয়েজ।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে অ্যাকর্ড গঠিত হয়। বর্তমানে অ্যাডিডাস, ম্যাঙ্গো, পুমা, কেরিফোর, সিঅ্যান্ডএ, ইন্ডিটেক্স, লোবল, টার্গেট অস্ট্রেলিয়াসহ ২২০টির বেশি ইউরোপীয় ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এবং দুটি বৈশ্বিক ইউনিয়ন অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ আছে। অ্যাকর্ডের পাশাপাশি প্রায় একই সময়ে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স গঠিত হয়।

পাঁচ বছরের জন্য অ্যাকর্ড গঠিত হয়। সেই হিসাবে আগামী বছরের মে মাসে সংস্থাটির কার্যক্রম শেষ হওয়ার কথা। তবে কারখানার সংস্কারকাজ পুরোপুরি শেষ না হওয়ায় অ্যাকর্ড তাদের সময়সীমা বাড়ানোর চেষ্টা করছে।

এ বিষয়ে জানতে চাইলে সংস্থার নির্বাহী পরিচালক রব ওয়েজ সাংবাদিকদের বলেন, কয়েক মাস ধরেই অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ব্র্যান্ড ও গ্লোবাল ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে অনেক বৈঠক হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে বলে জানান তিনি।