
দ্বিতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (টুজি) তরঙ্গ লাইসেন্স নবায়ন মাশুলের শেষ কিস্তির অর্থ সরকারের কাছে জমা দিয়েছে তিন মোবাইল অপারেটর কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক ও রবি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে গতকাল বৃহস্পতিবার তিন কোম্পানি এক হাজার ৬৫১ কোটি টাকা জমা দেয়। কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা বিটিআরসিতে গিয়ে এ অর্থ জমা দেন।
টুজি লাইসেন্স নবায়ন ফি নিয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে সরকারের মামলা রয়েছে।
বিটিআরসি সূত্র জানায়, গতকালের জমা পড়া অর্থের মধ্যে গ্রামীণফোন ৭১৩ কোটি, বাংলালিংক ৫২২ কোটি এবং রবির অংশ ৪১৬ কোটি টাকা।
এর আগে ২০১২ সালের ৩০ আগস্ট এই তিন কোম্পানি মূল্য সংযোজন কর (মূসক) ও টুজি নবায়ন ফি মিলিয়ে দুই হাজার ৩৭২ কোটি ৩৯ লাখ টাকা দিয়েছিল সরকারকে। আর প্রথম কিস্তির অর্থ ছিল তিন হাজার ১৮৪ কোটি ২৪ লাখ টাকা।
দ্বিতীয় কিস্তির অর্থ পরিশোধের পর থেকেই শেষ কিস্তির অর্থ পরিশোধ নিয়ে বিটিআরসি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে জটিলতা দেখা দেয় মোবাইল অপারেটরদের। তখনই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। দেশের ছয় মোবাইল অপারেটরের মধ্যে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের টুজি লাইসেন্সের মেয়াদ শেষ হয় ২০১১ সালের নভেম্বরে।
টুজি লাইসেন্স দেওয়ার সময় তিন কিস্তিতে অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে দিয়েছিল বিটিআরসি। কিস্তির অংশ প্রথমবার ৪৯ শতাংশ, দ্বিতীয়বার ২৯ শতাংশ এবং শেষবার ২২ শতাংশ। সিটিসেল অবশ্য গতকাল তার দেনা পরিশোধ করতে পারেনি বলে জানা গেছে।