১০ অক্টোবর থেকে বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রি শুরু
১০ অক্টোবর থেকে বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রি শুরু হতে যাচ্ছে। ফান্ডটির মূল উদ্যোক্তা প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ফান্ডের উদ্যোক্তাদের অংশের দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। এর আগে গত ১৯ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা দেওয়া হয়।পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের পরিপ্রেক্ষিতে বাজারে স্থিতিশীলতা ফেরাতে পাঁচ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড’ নামে একটি অমেয়াদি মিউচুয়াল ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়। ফান্ডটির মূল উদ্যোক্তা আইসিবি।আইসিবি ছাড়া ফান্ডটির অপর সাত উদ্যোক্তা প্রতিষ্ঠান হলো—রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।ফান্ডটির উদ্যোক্তা অংশের দেড় হাজার কোটি টাকা সংগ্রহ শেষ পর্যায়ে রয়েছে। বাকি তিন হাজার ৫০০ কোটি টাকা সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরাও যাতে এই ফান্ডে বিনিয়োগ করতে পারেন, সে জন্য বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা ও বাংলাদেশ দূতাবাসকে কাজে লাগানো হবে। যেসব দেশে বাংলাদেশিদের বসবাস বেশি, সেসব দেশে আনুষ্ঠানিকভাবেই ফান্ডটির বিক্রয় কার্যক্রম শুরুরও পরিকল্পনা রয়েছে বলে জানান ফায়েকুজ্জামান।ফায়েকুজ্জামান এ ব্যাপারে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘দেশীয় বিনিয়োগকারীসহ প্রবাসী বাংলাদেশিদের আকৃষ্ট করতে একজন বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রির উদ্বোধন করতে চাচ্ছি। তাই একটু দেরি হচ্ছে। আশা করি, ১০ অক্টোবর আমরা এ কাজ শুরু করতে পারব।’