১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
শিক্ষা খাতে ১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোর শিক্ষা ও ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত করতে এ অর্থ ব্যয় করা হবে। কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এ অর্থ খরচ হবে। বিশ্বব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের মধ্যে এ ঋণ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। ইআরডি অতিরিক্ত সচিব কাজী সফিকুল আজম এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ও ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি-বেসরকারি কলেজে প্রায় ১৬ লাখ শিক্ষার্থী রয়েছে। এ প্রকল্পের আওতায় ২ হাজার ৭০০ শিক্ষক নিয়োগ পাবেন। আর ৮ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।
জাহিদ হোসেন বলেন, প্রতিবছর ২১ লাখ তরুণ-তরুণী শ্রমবাজারে প্রবেশ করেন। কর্মসংস্থানের সুযোগ করতে যুবসমাজকে দক্ষ সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট প্রকল্পটি দক্ষ জনসম্পদ গড়ে তুলতে সহায়তা করবে।
কাজী সফিকুল আজম বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে শিক্ষিত ও দক্ষ জনশক্তি দরকার। বাংলাদেশ এখন মানসম্পন্ন শিক্ষার দিকে নজর দিচ্ছে।