১০ জনের বিষয়ে এসইসির অনাপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচনে ১০ জন পরিচালকের ব্যাপারে অনাপত্তিপত্র দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার বিকেলে ডিএসইতে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে ডিএসই সূত্র নিশ্চিত করেছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে এসইসির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।যাঁরা অনাপত্তিপত্র পেয়েছেন, তাঁরা হলেন বুলবুল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহুদুল হক বুলবুল, বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের এমডি মিনহাজ মান্নান ইমন, কাজী ফিরোজ রশিদ সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, রয়েল গ্রিন সিকিউরিটিজ লিমিটেডের এমডি আবদুল হক, মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেডের এমডি ফখরুল ইসলাম, শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি মো. সাজেদুল ইসলাম, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের এমডি শরীফ আনোয়ার হোসেন, জাহান সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. শাহজাহান, র্যাপিড সিকিউরিটিজ লিমিটেডের এমডি হানিফ ভূঁইয়া ও গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের এমডি হাবিব আবুল মুশতাক।ডিএসই সূত্রে জানা যায়, আগামী ১১ মার্চ ডিএসইর পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপরিউক্ত ১০ জনের মধ্য থেকে মোট চারজন পরিচালক নির্বাচন করা হবে। এরপর ১৫ মার্চ ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মোট ১২ জন পরিচালকের মধ্য থেকে ডিএসইর সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন।এ ছাড়া আজকের সভায় করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে বলে এসইসি সূত্রে জানা গেছে।