১০ জানুয়ারির মধ্যে ক্ষতিগ্রস্তদের তথ্য জমা দিতে হবে
আগামী ১০ জানুয়ারির মধ্যে বিশেষ স্কিম কমিটির কাছে তথ্য জমা দিতে হবে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মিলনায়তনে কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির আহ্বায়ক মো. ফায়েকুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।পুঁজিবাজার ধসের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। গত ২৮ ডিসেম্বর কমিটি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের কাছে মার্জিন ও ননমার্জিন হিসাবগুলোর বেশ কিছু তথ্য চেয়ে চিঠি ইস্যু করে। গতকাল বুধবারের মধ্যে সিডিসহ এক্সেল ফরম্যাটে তথ্য সরবরাহ করতে বলা হয়। কিন্তু এত কম সময়ে এসব তথ্য সরবরাহ সম্ভব না হওয়ায় মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয় বলে জানা গেছে।গত ৫ ডিসেম্বর বিশেষ স্কিম কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং ২৭ নভেম্বর সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে বিশেষ স্কিম প্রণয়নের লক্ষে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পরে কমিটির কাজের সুবিধার্থে একজন সদস্য বাড়ানো হয়।আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান কমিটির আহ্বায়ক। অন্য সদস্যরা হলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. নেওয়াজ হোসেন চৌধুরী, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের লিমিটেডের (সিডিবিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ সামাদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন, ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।