১০ জুন থেকে ডিএসইতে ইন্টারনেট ভিত্তিক লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগামী ১০ জুন থেকে ইন্টারনেট-ভিত্তিক লেনদেন ব্যবস্থা ‘এমএসএ প্লাস সফটওয়্যার’ চালু হবে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় মতিঝিলে ডিএসইর মূল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন এ কথা জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশাররফ এম হোসেন বলেন, এমএসএ প্লাস সফটওয়্যার চালু হলে বিনিয়োগকারীদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণে আরও এক ধাপ এগিয়ে যাবে। এই সফটওয়্যার চালুর ফলে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীরা নিজেরাই নিজেদের লেনদেনের নিয়ন্ত্রক হতে পারবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিনিয়োগকারীরা নির্ধারিত সময়ে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা) শেয়ার কেনা-বেচা করতে পারবেন।ডিএসইর সিইও আরও বলেন, এমএসএ প্লাস সফটওয়্যার চালু হলে লেনদেনে আরও অংশগ্রহণ বাড়বে। এতে পুঁজিবাজার আরও বিনিয়োগবান্ধব হবে।নতুন এই সফটওয়্যারের সুবিধা সম্পর্কে তিনি বলেন, এটি চালু হলে বিনিয়োগকারীরা ইন্টারনেটের মাধ্যমে ক্রয় আদেশ এবং শেয়ার থাকা সাপেক্ষে বিক্রি আদেশ দিতে পারবেন, যা আই-ট্রেডার উক্ত আদেশগুলো লেনদেন ইঞ্জিনে পাঠিয়ে দেবেন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন এবং পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএসইর সিইও।মোশাররফ এম হোসেন আরও জানান, ইতিমধ্যে প্রত্যেকটি ব্রোকারেজ হাউসের অনুমোদিত প্রতিনিধি ও আইটি কর্মকর্তাদের এমএসএ প্লাস-সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া মক-ট্রেডিংয়ের মাধ্যমে ব্রোকারেজ হাউসগুলোতেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।সংবাদ ব্রিফিংয়ে নতুন এই সফটওয়্যারের প্রযুক্তিগত বিভিন্ন দিক ও বিষয় নিয়ে বক্তব্য দেন ডিএসইর আইসিটি বিভাগের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এএসএম খায়েরুজ্জামান। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খায়েরুজ্জামান বলেন, ‘আমরা আইনের মধ্যে থেকেই নতুন এই সফটওয়্যার চালু করতে যাচ্ছি। শুরুতে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের মাধ্যমে এই সফটওয়্যারে লেনদেন করা যাবে। তবে আগামী অক্টোবরের মধ্যে অমনিবাস হিসাব একক বিও হিসাবে রূপান্তর করা হবে। এতে এ বিয়ষটি নিয়ে কোনো জটিলতা থাকছে না।’