১০ টাকার এক কোটি ৩২ লাখ ব্যাংক হিসাব

মাত্র ১০ টাকার বিনিময়ে সারা দেশে এক কোটি ৩২ লাখ গ্রাহকের হিসাব খোলা হয়েছে। সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো চলতি বছরের মে মাস পর্যন্ত শুধু কৃষকের নামে ৯৬ লাখেরও বেশি হিসাব খুলেছে। খবর বাসসের।
আবার একই সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাপ্রাপ্তদের জন্য ৩৪ লাখের অধিক এবং মুক্তিযোদ্ধাদের নামে খোলা হয়েছে আরও এক লাখ হিসাব। স্বল্প টাকায় খোলা এসব ব্যাংক হিসাবের গ্রাহকেরা জীবনে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক আর্থিক সেবা পেতে শুরু করেছেন। এই ব্যাংক হিসাবের মাধ্যমে তাঁরা দৈনন্দিন ব্যাংকিং লেনদেনের বাইরে সরকারের দেওয়া কৃষি-উপকরণসহ অন্যান্য ভাতা সহজেই তুলতে পারছেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘কৃষকসহ ব্যাংকিং-সেবাবঞ্চিত সমাজের পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীকে বিনা মূল্যে আর্থিক সেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এই সাহসী উদ্যোগ নেয়। এতে কৃষকেরা ব্যাপক সাড়া দেন। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় ভাতাপ্রাপ্তরা ব্যাংক হিসাব খোলার সুযোগ পাওয়ায় এ ক্ষেত্রে স্বচ্ছতার সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। বিপুল এই জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং-সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের আর্থিক সেবাভুক্তি সূচকে অনেক অগ্রগতি হয়েছে বলে তিনি মনে করেন। এই সূচকে বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার পরেই বাংলাদেশের অবস্থান।
বাংলাদেশ ব্যাংক ২০১০ সালের ১৭ জানুয়ারি কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ তৈরি করে দেয়। পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা ও সামাজিক ভাতাপ্রাপ্তদেরও এ সুবিধার আওতায় আনা হয়।