১০ টাকার ব্যাংক হিসাবধারীদের ঋণ দিতে তহবিল
১০ টাকার হিসাব চালু রাখতে বাংলাদেশ ব্যাংক এবার ২০০ কোটি টাকার একটি ঘূর্ণমান পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে।
কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের সহজ শর্তে এই তহবিল থেকে ঋণ দেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, হিসাবগুলো সচল রাখার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই তহবিল থেকে একজন সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এ–সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
নিদের্শনায় বলা হয়েছে, ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা তহবিল থেকে ঋণ পাবেন। তবে যেসব কৃষকের নিজ নামে সর্বোচ্চ ২ দশমিক ৪৭ একর জমি রয়েছে, তঁারা এই ঋণ পাওয়ার যোগ্য হবেন।
আর পাড়া, মহল্লা বা গ্রামে মুদি দোকানদার থেকে শুরু করে যেকোনো ক্ষুদ্র ব্যবসায়ীকে এই তহবিল থেকে ঋণ দেওয়া যাবে।
তবে ঋণখেলাপি তিন শ্রেণীর ব্যক্তি ঋণ নেওয়ার যোগ্য হবেন না। এঁরা হলেন—ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের যেকোনো পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণগ্রহীতা। সরকারের সুদ ক্ষতিপূরণ সুবিধার আওতায় রেয়াতি সুদে ঋণসুবিধা গ্রহণকারী। আর সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় ভর্তুকি সুদে কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী।
এই তহবিল থেকে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থ নিয়ে সরাসরি বা এনজিওর মাধ্যমে তা গ্রাহকের কাছে বিতরণ করতে পারবে।
ব্যাংকগুলো সরাসরি ঋণ বিতরণ করলে সর্বোচ্চ সুদহার হবে ১২ শতাংশ। আর এনজিওর মাধ্যমে দেওয়া হলে সর্বোচ্চ সুদ নেওয়া যাবে ১৯ শতাংশ।
আবার ঋণ আদায় শেষে কেন্দ্রীয় ব্যাংক সাড়ে ৩ শতাংশ হারে সুদ ভর্তুকি দেবে। এই ঋণের মেয়াদকাল সর্বোচ্চ এক বছর। কোনো ঋণগ্রহীতা নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করলে তঁার পুনঃ অর্থায়ন সুবিধা বাতিল করে ব্যাংক ও এনজিও নির্ধারিত হারে সুদ আরোপ করা যাবে।
তবে খেলাপিদের কাছ থেকে কোনোভাবেই বিতরণকৃত ঋণের দ্বিগুণের বেশি অর্থ আদায় করা যাবে না৷ এ ধরনের গ্রাহকের তালিকা ত্রৈমাসিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে৷
প্রসঙ্গত, দেশে বর্তমানে এক কোটির বেশি ১০ টাকার ব্যাংক হিসাবধারী রয়েছেন। এঁদের মধ্যে কৃষকের সংখ্যাই হচ্ছে ৯৬ লাখের ওপরে।