মাঠ থেকে রান্নাঘর। এরপর খাবারের টেবিল। মাঠের কৃষক থেকে ভোক্তা। তার আগে বহু হাতবদল। তাতেই দামের অনেক হেরফের। বগুড়ার মাঠের কৃষক যে শিম বিক্রি করেছেন ১০ টাকায়, তা রাজধানীর কারওয়ান বাজারে আসতেই হয়ে যায় ২০ টাকা।
বগুড়ার শিবগঞ্জের অনন্ত বালা গ্রামের কৃষক নজরুল ইসলামের যখন মাথায় হাত, তখন শিমের তৈরি নানা পদের খাবারে ভোক্তার রসনাতৃপ্তি। দাম নিয়ে অতৃপ্তি আছে ক্রেতা তথা ভোক্তারও। তাই বাজারে বাজারে চলে ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি।
বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার উপমহাব্যবস্থাপক প্রদীপ কুমার পাল। কর্মস্থল থেকে রাজধানীর তেজকুনীপাড়ার বাসায় ফেরার পথে কারওয়ান বাজারে ঢুঁ মারলেন বাজারের ব্যাগ হাতে। বাসার কাছের বাজার ফেলে কেন কারওয়ান বাজার জিজ্ঞেস করতেই উত্তর দিলেন, ‘একটু কম দামের আশায়।’
তেজকুনীপাড়া থেকে কারওয়ান বাজারের দূরত্ব খুব বেশি না হলেও প্রদীপ কুমার পাল বলেন, এইটুকু দূরত্বের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দামের তফাত দাঁড়ায় তিন থেকে পাঁচ টাকা। তাই সময় পেলে কাজ শেষে বাসায় যাওয়ার পথে মাঝেমধ্যে কারওয়ান বাজার থেকে বাজার করে ঘরে ফেরেন।
বাজার বদল করে প্রদীপ কুমার আর্থিকভাবে কিছুটা লাভবান হলেও ভাগ্যবদলের সুযোগ নেই বগুড়ার কৃষক নজরুলের। গতকাল বৃহস্পতিবার মহাস্থান হাটে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এ হতাশার কথা জানান। তিনি বলেন, ‘গত সপ্তাহেও প্রতি কেজি শিম বিক্রি করেছেন ৩০ টাকায়। গতকাল তা নেমে এসেছে ১০ টাকায়। গত বছরও দাম না পাওয়ায় মাঠের শিম মাঠেই নষ্ট হয়েছে।’ আশা ছিল এ বছর হয়তো ভালো দাম পাবেন। কিন্তু গতকাল সকালে বাজারে এসে যা দেখলেন, তাতে নজরুল চরম হতাশ।
শিমচাষি নজরুলের মতো বরবটি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত একই জেলার গাবতলী উপজেলার মিরপুর গ্রামের কৃষক শাহজাহান আলীর। তিনি বলেন, এক মাস আগে যে বরবটি ৪০ টাকা কেজিতে বিক্রি করেছেন, গতকাল তার দাম নেমে এসেছে নয় টাকায়।
তবে বগুড়ার মহাস্থান হাটের নয় টাকা কেজির বরবটি গতকাল ঢাকার কারওয়ান বাজারে বিক্রি হয়েছে ৫০ টাকায়। দামের ব্যবধান ৪১ টাকা। অথচ মহাস্থান হাটের ব্যবসায়ীরা বলছেন, ‘এবার পরিবহন খরচ গতবারের চেয়ে প্রায় অর্ধেক। গত বছর এ সময়ে বগুড়া থেকে এক ট্রাক সবজি ঢাকায় পাঠাতে ভাড়া গুনতে হতো গড়ে ২৫ হাজার টাকা। আর এ বছর তা নেমে এসেছে ১২-১৩ হাজারে। কিন্তু রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবহন খরচ কমলেও তার কোনো সুফল পাচ্ছেন না ভোক্তারা।
শিম, বরবটির দাম না পাওয়ায় হতাশ হলেও আলুর দাম নিয়ে কিছুটা খুশি কৃষকেরা। বগুড়ার শিবগঞ্জের কৃষ্ণপুর গ্রামের কৃষক মাহমুদুল হাসান বলেন, ‘গত বছর প্রতি কেজি আলু ১০ টাকায় বিক্রি করতে হয়েছে। এ বছর তা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।’
দরদাম: রাজধানীর কারওয়ান বাজারে গতকাল খুচরায় প্রতি কেজি টমেটো মানভেদে ৪০ থেকে ৫০ টাকা এবং বেগুন ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছে। আর রাজধানীর মিরপুরের কাজীপাড়া বাজারে প্রতি কেজি টমেটো ৬০ ও বেগুন ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া কারওয়ান বাজারের ১৫ টাকার প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির দাম কাজীপাড়ায় ছিল ২০ থেকে ৩০ টাকা। আর কারওয়ান বাজারের ৩০ টাকার প্রতিটি লাউ কাজীপাড়ায় বিক্রি হয় ৪০ থেকে ৪৫ টাকায়।
{প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ}