১০ টাকায় কৃষকদের ব্যাংক হিসাব খুলতে কেওয়াইসি লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে গিয়ে কেওয়াইসি বা গ্রাহক সম্পর্কে পরিচয় ফরম পূরণ করা লাগবে না। বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এ নির্দেশনা দিয়েছে।এতে বলা হয়েছে, কৃষি উপকরণ কার্ডই এ ক্ষেত্রে কেওয়াইসির বিকল্প হিসেবে প্রযোজ্য হবে। কৃষি কর্মকাণ্ডে সরকারি সহায়তার অংশ হিসেবে সরকারের দেওয়া বিভিন্ন ভর্তুকি ব্যাংকের মাধ্যমে সহজে কৃষকের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংক মাত্র ১০ টাকায় কৃষকের ব্যাংক হিসাব খোলার সুযোগ তৈরি করে। ১৭ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার নির্দেশটি পাঠায়।ওই নির্দেশে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন কার্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া কৃষি উপকরণ-সহায়তা কার্ডের বিপরীতে যেকোনো কৃষক ব্যাংকে আমানত হিসাব খুলতে পারবেন বলে উল্লেখ করা হয়।কিন্তু সাধারণভাবে বর্তমানে কোনো ব্যাংকে হিসাব খুলতে হলে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় কেওয়াইসি ফরম পূরণ করতে হয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গতকাল ১০ টাকায় হিসাব খুলতে কেওয়াইসি ফরম পূরণের শর্ত প্রত্যাহার করেছে।