১০ টাকায় কৃষকের ব্যাংক হিসাব এখন সাড়ে ৯১ লাখ
মাত্র ১০ টাকা দিয়ে খোলা কৃষকের ব্যাংক হিসাবের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়ে গেছে। দুই বছর আগে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মাঠপর্যায়ে কৃষকদের প্রচলিত ব্যাংকিংসুবিধা দেওয়ার লক্ষ্যে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাতটি সরকারি মালিকানাধীন ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কৃষকের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ লাখ ৪৫ হাজার ৪৫৬। রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ও তিনটি বিশেষায়িত ব্যাংকে কৃষকেরা ১০ টাকা দিয়ে ব্যাংক হিসাব খুলতে পারেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবমতে, বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকে ২১ লাখ ৫৪ হাজার ৫২৫, জনতা ব্যাংকে ১৪ লাখ ১৩ হাজার ২৪১, অগ্রণী ব্যাংকে ১৩ লাখ ৪৭ হাজার ৩০ ও রূপালী ব্যাংকে চার লাখ ৮৬ হাজার ৬৫১ জন কৃষক ব্যাংক হিসাব খুলেছেন। এই পর্যন্ত সবচেয়ে বেশি ব্যাংক হিসাব খোলা হয়েছে কৃষি ব্যাংকে। এই ব্যাংকে ২৩ লাখ ৯৯ হাজার ৫৫৩ জন কৃষক ব্যাংক হিসাব খুলেছেন। অন্যদিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১৩ লাখ ৪৪ হাজার ৩৪৯ ও বেসিক ব্যাংকে মাত্র ১০৭ জন কৃষক ব্যাংক হিসাব খুলেছেন। এদিকে চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) দেশে কৃষি খাতে বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৯ দশমিক ৩৪ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে।আলোচ্য সময়কালে কৃষিঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার ২২৪ কোটি ৮০ লাখ টাকা। আর চলতি অর্থবছরের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬১৭ কোটি ৪০ লাখ টাকা।আবার ২০০৯-১০ অর্থবছরের প্রথমার্ধে কৃষিঋণ বিতরণের পরিমাণ ছিল পাঁচ হাজার ৫৯৭ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১১ দশমিক ২০ শতাংশ।