১০ দিন পর শেয়ারবাজারে মূল্য সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১০ দিন পর দেশের শেয়ারবাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে গতকাল রোববার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৯ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন প্রায় ১১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮২৯ পয়েন্টে। দুই বাজারে এদিন লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭০ কোটি টাকা কম। সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা কম। 

ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষস্থানটি দখলে ছিল আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোর। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৫৩ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৫ শতাংশ। ডিএসইতে লেনদেনে দ্বিতীয়তে ছিল পেনিনসুলা হোটেল। এদিন এককভাবে কোম্পানিটির ৩৩ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। লেনদেনের প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই কোম্পানির মধ্যে বেক্সিমকোর শেয়ারের দাম কমলেও বেড়েছে পেনিনসুলার। বেক্সিমকোর প্রতিটি শেয়ারের দাম দিন শেষে গতকাল ২০ পয়সা কমে দাঁড়িয়েছে ৩০ টাকা ২০ পয়সায়। পেনিনসুলার প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৫০ পয়সা বেড়ে ৩৯ টাকা ৯০ পয়সা হয়েছে।