১০ দিনে লবণের দাম বেড়ে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন দশেক আগেও কক্সবাজারের খুরুশকুল গ্রামে এক মণ লবণ বিক্রি হতো ১৮০ টাকায়। তা গতকাল রোববার বিক্রি হয়েছে ৩৫০ টাকায়। প্রতি মণে ১৭০ টাকা বেড়ে যাওয়ায় চাষিরা এখন মহাখুশি।
সরেজমিনে আলাপকালে চাষিরা প্রথম আলোকে জানান, পাঁচ বছর পর তাঁরা লবণের ভালো দাম পাচ্ছেন। তাই বেশি লাভের আশায় তাঁরা উৎপাদন বাড়াতে মনোযোগ দিয়েছেন। আবার অনেক চাষি নতুন জমিতে লবণ উৎপাদন শুরু করেছেন। কারণ প্রতি মণ লবণ উৎপাদনে খরচ পড়ে ১৩৫ থেকে ১৫০ টাকা।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মামুনপাড়া ঘুরে গতকাল রোববার দেখা গেছে, শত শত একর জমিতে চলছে লবণ উৎপাদন। বঙ্গোপসাগরের লোনা পানি মাঠে ঢুকিয়ে সূর্যের তাপে শুকিয়ে তৈরি করা লবণ সন্ধ্যার আগেই ঘরে তুলছেন চাষিরা। ইউনিয়নের চৌফলদণ্ডি, নয়াপাড়া গ্রামের চিত্রও একই। সব জায়গায় খোলা মাঠে স্তূপ করে রাখা সাদা লবণ চোখে পড়ে।
মামুনপাড়ার চাষি আবুল হাশেম প্রথম আলোকে জানান, এত দিন বিদেশি লবণ আমদানির কারণে তাঁরা ন্যায্যমূল্য পাননি। সরকার সম্প্রতি লবণ আমদানি বন্ধের ঘোষণা দেওয়ায় দেশি লবণের দাম বেড়েছে। সে জন্য তাঁরা বেশি লবণ উৎপাদন করছেন।
টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের জাদিমোরা, লেদা, আলীখালী, রঙ্গিখালী, চৌধুরীপাড়া ও নাটমোরাপাড়া; সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, ঝিনাপাড়া, আছারবনিয়া, পেন্ডলপাড়া ও চৌধুরীপাড়া; সদর ইউনিয়নের নাজিরপাড়া, মৌলভীপাড়াসহ প্রায় ৩০টি গ্রাম ঘুরে গত বুধবার চাষিদের বিপুল উৎসাহে লবণ চাষ করতে দেখা গেছে।
আছারবনিয়া গ্রামের চাষি আজিজুর রহমান জানান, গত বছর প্রতি মণ লবণ বিক্রি হয়েছে সর্বোচ্চ ২২০ টাকায়। এবার দাম বৃদ্ধি পাওয়ায় তাঁরা লাভের আশায় নতুন জমিতেও লবণ চাষ করছেন।
রঙ্গিখালী গ্রামের চাষি নবী হোসেন জানান, গত ডিসেম্বর মাসে তিনি চার কানি জমিতে (৪০ শতক) লবণ উৎপাদন শুরু করেন। তখন তিনি প্রতি মণ লবণ বিক্রি করেন ১৪০ টাকায়। দাম বেড়ে যাওয়ায় তিনি আরও দুই কানি জমিতে লবণ চাষ বাড়িয়েছেন।
টেকনাফ উপজেলা লবণচাষি ঐক্য পরিষদের সভাপতি শফিক মিয়া বলেন, গত কয়েক বছর দাম কম থাকায় প্রায় ৯০ শতাংশ চাষি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দাম বেড়ে এখন যেখানে উঠেছে, তা ঠিক থাকলে এবার লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ উৎপাদিত হবে।
কক্সবাজারের বিসিক লবণ শিল্প উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে (ডিসেম্বর-এপ্রিল) এই জেলার প্রায় ৬১ হাজার একর জমিতে ১৮ লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দেশের মোট চাহিদার চেয়ে ৮০ হাজার মেট্রিক টন বেশি। দেশে লবণের বার্ষিক চাহিদা ১৭ লাখ ২০ হাজার মেট্রিক টন।
বিসিকের এই প্রকল্পের উপমহাব্যবস্থাপক মো. আবসার উদ্দিন প্রথম আলোকে জানান, ১ জানুয়ারি পর্যন্ত প্রায় এক মাসে এ জেলায় ৪৫ হাজার মেট্রিক টনের বেশি লবণ উৎপাদিত হয়েছে। গত বছরের একই সময়ে উৎপাদন হয়েছিল ৩০ হাজার মেট্রিক টন। দাম বৃদ্ধি পাওয়ায় চাষিরা এখন লবণ উৎপাদনে মরিয়া। এতে লবণের বাম্পার উৎপাদন হচ্ছে।
আবসার উদ্দিন আরও জানান, গোটা কক্সবাজার জেলায় ৫৫ হাজার প্রান্তিক চাষিসহ লবণ উৎপাদন ও বিপণনে অন্তত পাঁচ লাখ মানুষ জড়িত রয়েছে।
বিসিকের পরিদর্শক মো. শামসুল হক জানান, গত বছর জেলায় প্রায় ৬০ হাজার একর জমিতে লবণ চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন। উৎপাদন হয়েছিল ১৬ লাখ ২৭ হাজার মেট্রিক টন।
টেকনাফের রঙ্গিখালী গ্রামের চাষি নুরুল হক জানান, তিনি প্রতি কানি জমি ১৪ হাজার টাকায় ইজারা নিয়ে লবণের চাষ করছেন। শুরুতে প্রতি মণ লবণ ১৪০ টাকায় বিক্রি করতে বাধ্য হন। অথচ এখন সেই লবণ ৩৫০ টাকা দামে কিনতে তাঁর কাছে ব্যবসায়ীরা ধরনা দিচ্ছেন।