১০ দিনের মধ্যে শ্রমবিধি
আগামী ১০ দিনের মধ্যে শ্রমবিধি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। এতে শ্রমিকের বিভিন্ন অধিকারের বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।
বেসরকারি এফএম রেডিও টুডের ‘আমার শ্রম, আমার অধিকার’ শীর্ষক একটি অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার বিশেষ অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে একধরনের অবিশ্বাস রয়েছে। এ অবিশ্বাস দূর করে আস্থার সম্পর্ক নিশ্চিত করা গেলে শিল্প খাতে উৎপাদন অনেক বাড়বে।
রেডিও টুডে তৈরি পোশাকসহ দেশের বিভিন্ন শিল্প খাতে কর্মরত শ্রমিকদের অধিকার সচেতন করতে এই অনুষ্ঠান প্রচার করা হবে। প্রতি শুক্রবার বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত শ্রমিকদের অংশগ্রহণমূলক এ অনুষ্ঠান প্রচার করা হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ সরকারের সহায়তায় এ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, শ্রমিকদের দুটি উৎসব বোনাস দেওয়ার বিধানটি শ্রমবিধিতে থাকছে। শ্রমিকেরা হচ্ছেন সোনার ডিম দেওয়া হাঁসের মতো। তাই মালিকদের উচিত তাঁদের ভালোভাবে যত্ন করা। শ্রমিকদের হাত ধরে মালিকেরা লাভবান হন। তাই কোনোভাবেই সোনার ডিম দেওয়া হাঁসকে ধ্বংস করা উচিত হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার, আইএলওর বাংলাদেশ প্রধান শ্রীনিবাস রেড্ডি ও রেডিও টুডের পরিচালক আতিকুল হক।